মেসির জার্সিতে আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার অনুশীলনে হাভিয়ে মাচেরানো ও কার্লোস তেভেজ। গতকাল বুয়েনস এইরেসে l এএফপি
আর্জেন্টিনার অনুশীলনে হাভিয়ে মাচেরানো ও কার্লোস তেভেজ। গতকাল বুয়েনস এইরেসে l এএফপি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সাধারণত জার্সিতে খেলোয়াড়দের নাম লেখা থাকে না। কাল ভোরে (বাংলাদেশ সময়) ঘুম ঘুম চোখে টিভির পর্দায় ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটা দেখতে বসে তাই একটা ধাক্কাই খেতে পারেন। নাম তো নেই-ই, আকাশি-নীল দলের ১০ নম্বর জার্সির মানুষটাও যে বদলে গেছে। লিওনেল মেসির জার্সিটা উঠেছে সার্জিও আগুয়েরোর গায়ে!
হাঁটুর চোটে ইকুয়েডর ও প্যারাগুয়ের সঙ্গে ম্যাচে থাকছেন না মেসি। এই দুই ম্যাচেই ১০ নম্বর জার্সি গায়ে খেলবেন আগুয়েরো।
লা ন্যাসিওনকে এমন ‘গুরুদায়িত্ব’ নেওয়ার কারণটাও ব্যাখ্যা করলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার, ‘আমি কিটম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বললেন, এটা বাধ্যতামূলক। কাউকে না-কাউকে এটা পরতেই হতো, কারণ জার্সি নম্বরগুলো ১ থেকে ২৩-এর মধ্যেই থাকতে হবে।’ আর এটা সবারই জানা যে, স্কোয়াডে খেলোয়াড়ও থাকে ২৩ জন।
১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা কিংবদন্তির মর্যাদা দিয়েছিলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটিকে। আর গত কয়েক বছরে এটিকে ‘ব্যক্তিগত সম্পত্তি’ই বানিয়ে ফেলেছেন মেসি। ২৮ বছর বয়সী ফরোয়ার্ড যত দিন ‘আলবিসেলেস্তে’র হয়ে খেলছেন, এটা নিশ্চিত যে জার্সিটা আর কারও কাছে যাচ্ছে না।
আগুয়েরোর এই ‘উন্নতি’ অবশ্য মেসির অনুরোধেই। এর আগেও একবার ১০ নম্বর জার্সিটি পরার অভিজ্ঞতা আছে কুনের, ‘প্রথমবার এটা পরেছিলাম যুক্তরাষ্ট্রে বসনিয়ার সঙ্গে এক প্রীতি ম্যাচে। লিওই বলেছিল, “যখন আমি খেলব না, কুন এটা পরবে।” এরপর থেকেই ও মেসেজ পাঠাতে শুরু করল, “তুমি জার্সিটা পরছ তো? ভয় পেয়ে যাচ্ছে না তো?” যথাসময়ে জার্সিটা প্রিয় বন্ধুকে হাসিমুখে ফিরিয়ে দিতেও প্রস্তুত আগুয়েরো, ‘ওর অনুপস্থিতেই আমার দায়িত্ব এটা পরা। আমি এই জার্সি গায়ে জড়াতে পেরে খুশি। তবে এটা ওরই।’
জার্সি না হয় পরলেন, কিন্তু খেলায় মেসির অভাব কী করে ঘোচাবেন? আগুয়েরো দলীয় শক্তির মধ্যেই দেখছেন সমাধান, ‘মেসি মেসিই। ওর বিকল্প নেই। তবে আমাদের একটা দুর্দান্ত দল আছে, যারা ওর অভাব অতটা বুঝতে দেবে না।’ গোলডটকম।