মেসির জোড়া গোলে বার্সার বড়দিনের উপহার

লিভারপুল থেকে লুইস সুয়ারেজকে আনতে বার্সেলোনার খরচ হয়েছিল প্রায় সাড়ে নয় কোটি ইউরো। চ্যাম্পিয়নস লিগে দু্ই গোল পেলেও লা লিগায় সুয়ারেজের গোলের দেখা নেই! লিগে সাত ম্যাচ পর গোলখরা ঘোঁচালেন উরুগুইয়ান স্ট্রাইকার। সঙ্গে পেদ্রো রদ্রিগেজ, জেরার্ড পিকে ও লিওনেল মেসির জোড়া গোলে ন্যু ক্যাম্পে কর্দোবার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় নিয়ে বছর শেষ করল লুইস এনরিকের দল। সমর্থকদের জন্য বড়দিনের দারুণ এক উপহার!
সুয়ারেজ বার্সায় আসার পর অনিয়মিতই হয়ে পড়েছিলেন পেদ্রো। সুযোগ পেয়েই নিজের জাত চেনাচ্ছেন। কদিন আগে কোপা ডেল’রেতে হুয়েস্কার বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। আজ ম্যাচের দুই মিনিটে ইভান রাকিতিচের ক্রসটি দারুণ ফিনিশিংয়ে জালে পাঠিয়ে দিলেন। ১২ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। ডান পায়ের লক্ষভ্রষ্ট শটটা লাগল ডানপাশের নেটে। ৫৩ মিনিটে সুযোগ হাতছাড়া করলেন না। পেদ্রোর বাড়িয়ে দেওয়া বল দারুণ দক্ষতায় গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে পাঠিয়ে দিলেন জালে।
বিরতির অাগে পিকের হেডটা ঠেকিয়ে দিলেন কর্দোবার গোলরক্ষক হুয়ান কার্লোস। ৮০ মিনিটে জাভির ফ্রি-কিকটি হেডেই জালে পাঠালেন পিকে। দুই মিনিট পর জটলার ভেতর ডান পায়ের শটে গোলের খাতা খুললেন মেসি। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আলবার ক্রসটি দারুণভাবে নামিয়ে ডান পায়ে আবারও মেসির গোল। ১৯ িমনিটে কর্দোবার ফরোয়ার্ড নাবিল গিলাস কাঁপিয়ে দিয়েছিলেন বার্সার রক্ষণভাগ। শেষ দিকে ফেদে কার্তিবা আরেকটা চেষ্টা চালালেও ব্রাভোকে একবারও পরাস্ত করতে পারেনি সফরকারীরা।
এ জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান বার্সার। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে অ্যাস্টন ভিলার সঙ্গে ১–১ ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।