মেসির তিন কোটি

ফেসবুকে তিনি অনেক দিন থেকেই। তবে ইনস্টাগ্রামে অল্প দিনেই লিওনেল মেসি রাজ্যপাট বিছিয়ে বসেছেন। পেয়ে গেছেন ৩০ মিলিয়ন (তিন কোটি) অনুসারীও। পরশু সেই সংখ্যাটা দেখেই কি পুরোনো দিনগুলো দৃশ্যপটে ভেসে এল লিওনেল মেসির, ‘আরে, এই ৩০ সংখ্যাটির সঙ্গে আমার সম্পর্ক তো অনেক পুরোনো!’
হ্যাঁ, পুরোনোই বটে। ২০০৪ সালে এই ৩০ নম্বর জার্সি শরীরে চড়িয়েই বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল আর্জেন্টাইন জাদুকরের। আবেগাপ্লুত মেসি সেই ৩০ নম্বর জার্সি আর ওই ম্যাচের বুটজোড়ার ছবি দিলেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখলেন, ‘এই আনন্দটা আমি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। সবাইকে ভালোবাসা।’
এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামে মেসির তিন কোটি অনুসারী দেখে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাস্কেটবল তারকা স্টিফেন কারিও। শুধু বার্তা পাঠিয়ে অভিনন্দন নয়, এনবিএতে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে তিনি যে সিংলেট (হাতকাটা জার্সি) গায়ে খেলেন, মেসিকে তারই একটি পাঠিয়ে দিলেন! ঘটনাচক্রে এনবিএতে কারির সিংলেটের নম্বরও ৩০! মেসি সেই সিংলেট হাতে একটা ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে! গোলডটকম।