মেসির তুলনা পেলের সঙ্গে

‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’। বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপার মূল কুশীলব ছিলেন যিনি, সেই মেসিকে ঠেকাতে ছক কষতে হয়েছে পেপ গার্দিওলাকে। চ্যাম্পিয়নস লিগের দুই লেগে বায়ার্ন কোচ সেটা পেরেছেন কি না, উত্তরটা সবারই জানা। প্রথম লেগে একাই ধ্বংস করে দিয়েছিলেন বায়ার্নকে, পরশু দুই গোলেরও উৎসমুখ ছিলেন বার্সা ফরোয়ার্ড। গার্দিওলা তাই ম্যাচ শেষে বলেই ফেলেছেন, ‘সে সর্বকালের সেরা। আমি তো ওকে পেলের সঙ্গেই তুলনা করব।’
প্রথম লেগের আগেই বলেছিলেন, মেসিকে থামানো সম্ভব নয়। আশঙ্কাটা যে অমূলক ছিল না, সেটা প্রমাণ হয়ে গেছে। পরশুর পর গার্দিওলা ঘোষণা করে দিচ্ছেন, মেসি আবার তাঁর সেরা ফর্মে ফিরেছেন, ‘ওকে আমি অনুশীলন করিয়েছিলাম। সেখানে যেমন দেখেছিলাম, সে আবার তেমন খেলছে। মেসি এখন তার সেরা সময়টা কাটাচ্ছে।’
২০১১ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন মেসি। সেটাও গার্দিওলার হাত ধরে। এবার আরেকটি ফাইনালে উঠলেন সেই গার্দিওলাকে হারিয়েই। রয়টার্স।