মেসির দিকেই তাকিয়ে রিকেলমে
‘নতুন ম্যারাডোনার’ অনন্ত মিছিলে প্রথম দিকে তাঁর নামটা শোনা যেত। হুয়ান রোমান রিকেলমে যত সম্ভাবনা নিয়ে এসেছিলেন, সেটি পূরণ করতে পেরেছেন কি না, সেটা নিয়ে তর্ক হতে পারে। ২০০৭ সালের কোপায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েও জেতাতে পারেননি আর্জেন্টিনাকে। ওই ফাইনালে ব্রাজিলের কাছে এমনভাবে হেরে যাওয়ার আক্ষেপ কখনোই যাবে না।
আবার আরেকটা কোপা যখন দুয়ারে, আর্জেন্টাইনরা আবার আশায় বুক বাঁধছে। ওই কোপাতেই প্রথমবার মেসি খেলেছিলেন। এবার সেই মেসির দিকেই তাকিয়ে আছেন রিকেলমে। তাঁর বিশ্বাস, এবার বার্সেলোনার ফরোয়ার্ডই ঠিক জেতাবেন আর্জেন্টিনাকে!
স্প্যানিশ দৈনিক এএসকে আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘এবারের কোপা আমেরিকা নিয়ে আমার অনেক আশা। আর্জেন্টিনা দলে এবার অনেক ভালো ভালো খেলোয়াড়। মেসিও ফর্মে আছে। মেসি যদি চোটে না পড়ে, আমার মনে হয়, আমরাই এবার জিতব।’
আর্জেন্টিনা কেন পারেনি, সেটার উত্তরও দিয়েছেন রিকেলমে। তাঁর মতে, গত দুটি বড় ফাইনালেই আর্জেন্টিনা মেসির ওপর এতটা বোঝা চাপিয়ে দিয়েছিল, মেসি নিজের খেলাটাই খেলতে পারেননি। এই নির্ভরতা কমানোর পরামর্শ দিয়ে রিকেলমে বলেছেন, ‘কেন আমরা কিছু জিতিনি? কারণ, আমরা একা মেসির কাছ থেকেই সবকিছু চেয়েছিলাম। কিন্তু আমাদের উচিত ওর যত্ন নেওয়া। মেসি একজনই, ওর মতো আর কেউ কখনো আসবে না।’ এএস।