মেসির দুঃখ ঘুচবে এবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
গত কোপা আমেরিকার হতাশা এবার ঘোচাবেন মেসি? ফাইল ছবি
গত কোপা আমেরিকার হতাশা এবার ঘোচাবেন মেসি? ফাইল ছবি
নতুন দিন। নতুন বছর। নতুন আশা। নতুন স্বপ্ন। নতুন বছরের ‘স্বপ্ন’ নিয়ে বিশেষ ধারাবাহিক ফিচারের চতুর্থ পব প্রথম আলোর পাঠকদের জন্য। এই পর্বে থাকছে এ বছর ফুটবল রাজ্যের যত স্বপ্নের গল্প....

এ বছর আবার কোপা আমেরিকা হবে, জানেন তো? না জানলে চমকে উঠতে পারেন। এ বছর আবার? গত বছরই না হয়ে গেল? সময়ের হিসাবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট আবার চার বছর পরেই হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর বিরতিতেই আবার কোপার আসর বসছে। কারণ আর কিছুই নয়। বিশ্বের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টটির বয়স ১০০ বছর পূর্ণ হচ্ছে। যুক্তরাষ্ট্রে আগামী জুন মাসে ১৬ দলকে নিয়ে বসছে কোপার বড় আয়োজন।

সুযোগটা লিওনেল মেসির জন্য অনেকটা হঠাৎ পাওয়া। ২০১৪ বিশ্বকাপ ও গত কোপা আমেরিকায় অত কাছে গিয়েও ব্যর্থতার পর আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার কথা ভাবতেও স্বাভাবিক নিয়মানুযায়ী তিন বছর পরের রাশিয়া বিশ্বকাপের জন্য বসে থাকতে হতো। ক্লাবের হয়ে গত পরশু ৫০০ ম্যাচ পূর্ণ করার সুবাদে অনেকেই জেনে গেছেন, বার্সেলোনার হয়ে মেসির জেতা শিরোপার সংখ্যা ২৬টি। কিন্তু জাতীয় দল? সেই শূন্য ঘোচানোর দারুণ এক সুযোগ পেয়ে যাচ্ছেন মেসি।

এমনিতেই আগামী বিশ্বকাপের সময় ৩১ পূর্ণ করে ৩২ বছর বয়সে পা রাখবেন। ২০১৯ কোপা আমেরিকার সময় তো ৩৩ পেরিয়ে ৩৪-এ। আগামী বিশ্বকাপে মেসি নিজের সেরা সময়ে থাকবেন, এতটা জোর দিয়ে বলা যাচ্ছে না। ফরোয়ার্ডদের জন্য বয়সটা অনেক বেশিই। এর পরের কোপা তো আরও কঠিন হবে তাঁর জন্য।

মেসি ভক্তদের ভাবতে তাই ভালোই লাগার কথা, হয়তো ভাগ্য দেবীর ঠিক করে রাখা চিত্রনাট্যেই এ বছর বিশেষ কোপার আসর বসছে! যে কোপা বিশেষ হয়ে উঠছে শুধু শতবর্ষ পূতির জন্য নয়, দক্ষিণ আমেরিকার দশ দলের পাশাপাশি উত্তর আমেরিকারও ছয় দল অংশ নেবে বলে। অনায়াসেই এটিকে বিশ্বকাপের ছোট সংস্করণ বলতেই পারেন!

২০১৬ সালে ফুটবল দুনিয়ায় কী কী ঘটতে পারে, সেটির তালিকা করতে গিয়ে তাই প্রথমেই চোখ পড়ছে কোপা আমেরিকাতে। 


তবে শুধু মেসির কোপা আমেরিকাই নয়, ২০১৬ সাল হাজির হচ্ছে আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে অনেক বড় বড় টুর্নামেন্ট আর হাজারো রোমাঞ্চে। সেই রোমাঞ্চ শেষে কে ফিরবেন মুখে হাসি নিয়ে? পোডিয়ামে উঠে শিরোপা নিয়ে উল্লাস করার সম্ভাবনা কাদের বেশি? অনিশ্চয়তার খেলা ফুটবলে শেষ মুহূর্তটি পর্যন্তও অনেক সময় বলা যায় না কী হবে, সেখানে বছরের শুরুর দিনে কী হবে সেটি নিয়ে আলোচনা করতে বসা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ভবিষ্যদ্বাণীতে ব্যর্থ হওয়ার পুরো ঝুঁকিটুকু নিয়েই দেখা যাক, ‘বর্তমান ফর্মের বিচারে’ কার গলায় যেতে পারে সাফল্যের বরমাল্য—

শুরুটা মেসি, আর্জেন্টিনা আর কোপা আমেরিকা দিয়েই করা যাক। ৩ জুন থেকে শুরু হবে শতবর্ষী কোপা আমেরিকা। তাতে বরাবরের মতোই আর্জেন্টিনাই ফেবারিট থাকবে। যদিও ১৯৯৩ সালের পর কখনো এই শিরোপাসহ কোনো বড় শিরোপাই ছুঁয়ে দেখা হয়নি দলটির।

তবে তিনটি নাম এবারও তাঁদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে। নেইমার, লুইস সুয়ারেজ, অ্যালেক্সিস সানচেজ। নেইমার তো এরই মধ্যে ব্রাজিলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। তবে এখনো জাতীয় দলের হয়ে এক ২০১৩ কনফেডারেশন কাপ ছাড়া আর কিছু জিততে পারেননি। তিনিও খুব করে কোপার শিরোপাটি চাইবেন। আর গত বিশ্বকাপে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে সুয়ারেজও এবার জাতীয় দলে ফিরে শুরুতেই একটা বড় সাফল্য পেতে ব্যাকুল হয়ে থাকবেন। ওদিকে মাত্রই গত বছর কোপা আমেরিকা জেতা সানচেজ টানা দ্বিতীয় শিরোপা জিততে চাইবেন না, এমনটা ভাবার কোনো কারণ কী আছে?

কোপা আমেরিকা ছাড়া আন্তর্জাতিক ফুটবলে আরেকটি বড় প্রতিযোগিতা আছে এ বছর। ধারে-ভারে কোপার চেয়েও বড়—ইউরো ২০১৬। ফ্রান্সে ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ২০১৬ ইউরোর শিরোপা কার ঘরে যাবে এ নিয়ে আলোচনা করতে যাওয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যেই একটি হবে। তবু এটি এমনই লোভ, যা সামলানো দায়। মূলত তিনটি দেশকেই ঘিরে শিরোপার আলোচনাটা থাকবে—স্পেন, জার্মানি, ফ্রান্স।

গত বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়েছে, আগের সেই ‘হেসেখেলে জিতব’ ভাবটা হয়তো নেই, তবু স্পেনকে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার ফেবারিট তালিকার বাইরে রাখা যায় না। ২০০৮ ও ২০১২—টানা দুবারের ইউরো জয়ীরা এবার হ্যাটট্রিকের জন্যই চেষ্টা করবে।
তবে স্পেনের চেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সম্ভাবনা অনেক বেশি থাকবে। দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই, পাইপলাইনও উন্নত। এই জার্মানিকে রুখতে পারে এমন দল কী আছে? জার্মানির কাছাকাছি যেতে পারে, এমন দলের মধ্যে ফ্রান্সের নামটাই প্রথম মনে আসবে। পগবা, গ্রিজমান, স্নেইডারলিন, লরিস, ল্যাকাজেতের মতো মানসম্পন্ন খেলোয়াড় আছে দলে। তার ওপর ঘরের মাঠের টুর্নামেন্টে সমর্থনের অভাবও হবে না।

ঠিক জাতীয় দলের না হলেও, আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি বড় প্রতিযোগিতা আছে এ বছর। অলিম্পিকের আসর। রিওর অলিম্পিকে ফুটবলের স্বর্ণপদকটা হয়তো এবার ব্রাজিলই পাবে। নেইমার ব্রাজিল বিশ্বকাপের দুঃখ ঘোচাতে চাইবেন নিজের দেশে আয়োজিত আরেকটি বড় ক্রীড়া আসরে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু এখন পর্যন্ত অলিম্পিক ফুটবলে সোনা জেতেনি!

এ তো গেল আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল। সারা বছর ধরে ক্লাব ফুটবল তো চলবেই। সেটিতে কার মুখে দেখা যাবে সাফল্যের হাসি?

চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার জয়রথ ছুটবে বলে মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো দলগুলোও ছেড়ে কথা বলবে না। তবে শেষ লড়াইটা বার্সা বনাম বায়ার্ন হওয়ার সম্ভাবনাই বেশি। বায়ার্নের হয়ে পেপ গার্দিওলার এটি শেষ মৌসুম। বায়ার্নে একমাত্র অসমাপ্ত কাজটি শেষ করতে বাড়তি প্রেরণা তো তাঁর আছেই!

চলতি প্রিমিয়ার লিগে লেস্টার যে চমক দেখাচ্ছে, সেটি পুরো মৌসুমেই চলবে বলে ধরে নেওয়া যাচ্ছে। লিগের অর্ধেক শেষ, এখনো শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে শুধু গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে লেস্টার। শিরোপা না জিতুক, ক্লদিও রানিয়েরির দল অন্তত সেরা চারে থাকবে বলেই মনে হচ্ছে। অবশ্য এর জন্য জানুয়ারির দলবদলে আরও দু-একজন মাহরেজ, ভার্ডি কিংবা কান্তের মতো খেলোয়াড় নিতেই হবে লেস্টারকে। ১ থেকে ১০-পয়েন্ট তালিকার দশ দলের মধ্যে পয়েন্ট ব্যবধানও মাত্র ১০! সেরা চারে এবার তাই চমক থাকবে বলে ধরে নেওয়া যায়। টটেনহামের সম্ভাবনা অনেক বেশি। সে ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা লিভারপুল হয়তো বাদ পড়বে সেরা চার থেকে। এত প্রতিযোগিতার মধ্যে অনেক ‘যদি’, ‘কিন্তু’, ‘হয়তো’ দিয়ে আর্সেনালকে শিরোপাজয়ী হিসেবে দেখতে পারেন।

স্প্যানিশ লিগে যেভাবে জয়রথ ছুটছে বার্সেলোনার, তাতে তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। তবে সর্বোচ্চ গোলদাতার লড়াইটা এবার খুব সম্ভবত ‘মেসি বনাম রোনালদো’য় আটকে থাকছে না। এরই মধ্যে ১৫ গোল করা সুয়ারেজ তো আছেনই, নেইমারও ঝলকের পর ঝলক দেখাচ্ছেন। এবং এ কারণে আগামী বছর ব্যালন ডি’অরেও কিন্তু নেইমার থাকতে পারেন আলোর কেন্দ্রে।

তবে এবারও খুব সম্ভবত ব্যালন ডি’অর মেসির হাতেই উঠছে। ১১ জানুয়ারি জানা যাবে সেই ফলাফল। ব্যালন ডি’অরের রাজত্ব ফিরে পাওয়া মেসির হাতে এ বছর একটি আন্তর্জাতিক ট্রফি উঠলেই ছবিটা সবচেয়ে সার্থক হবে, সন্দেহ নেই!