মেসির দুঃখ বোঝেন রোনালদো

তাঁরা প্রতিদ্বন্দ্বী, তাঁরা ফুটবল মাঠে একে অন্যের ‘শত্রু’। বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমর্থকদের ভাবনাটা অন্তত এ রকমই। দুজনের মাঝে এভাবে দূরত্ব সৃষ্টি করে বাড়তি তৃপ্তি পান সমর্থক দল। দুজনের যে খুব মাখামাখি সম্পর্ক তাও অবশ্য নয়। কিন্তু প্রতিদ্বন্দ্বীর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে রোনালদো আবারও বুঝিয়ে দিলেন, বন্ধুত্বের বাণী ছড়াতেই তো সৃষ্টি খেলাধুলার।
গত সপ্তাহে হঠাৎই এল ধাক্কাটি। কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের ঘোষণা দিয়ে দিলেন মেসি। এরপর থেকেই সারা বিশ্বে একটাই আকুতি চলছে, ‘ফিরে এসো মেসি।’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে ম্যারাডোনা, সাধারণ ভক্ত থেকে পেলে—কে নেই এই দলে! তবে সবার কিছুটা আগ্রহ ছিল তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রোনালদো এ বিষয়ে কী বলেন তা নিয়ে। ইউরোতে ব্যস্ত থাকায় এত দিন এ নিয়ে কিছু শোনা যায়নি পর্তুগিজ ফরোয়ার্ডের মুখে। সেমিফাইনালে ওঠার পর পাওয়া বিরতিতেই মুখ খোলার অবকাশ মিলল তাঁর।
স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কণ্ঠে মেসির জন্য সহানুভূতি, ‘মেসি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং মানুষের সেটি বোঝা উচিত। সে পরাজয়ে অভ্যস্ত নয়, হতাশার সঙ্গেও খুব বেশি পরিচিত না। সে তো কখনো দ্বিতীয় হতে চায় না, এতে সে সন্তুষ্ট হয় না। একটি পেনাল্টিতে গোল করতে না পারলেই কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না।’
রোনালদো নিজেই তো এর সবচেয়ে বড় উদাহরণ। অস্ট্রিয়ার সঙ্গে পেনাল্টি মিস করার পর তাঁকে নিয়ে কত সমালোচনা। পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২ গোল করে ও ১ গোল করিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। সে জন্য রোনালদো আশা করছেন, মেসি ফিরবেন, খেলবেন আবারও আর্জেন্টিনার হয়ে, ‘মেসিকে কাঁদতে দেখে আমি আহত হয়েছি। আশা করি সে দেশের হয়ে আবারও খেলবে, কারণ ওর এটি দরকার হবে।’ সূত্র: স্কাই স্পোর্টস।