মেসির দুর্ভাগ্য আর রিয়ালের স্বস্তি

দলবদলে এবার ভিন্ন দুই অনুভূতি ছিল মেসি ও বেলের।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালীন দলবদল শেষ হলো কাল রাতে। করোনাপরবর্তী বিশ্বে এবার দলবদলে খুব একটা ঝড় উঠবে না বলেই ধারণা করা হয়েছিল। হতভম্ব করে দেওয়ার মতো কোনো দলবদলের অঙ্ক শোনা যায়নি। স্টেডিয়ামে দর্শক না আসতে পারায় আর্থিকভাবে কঠিন সময় পার করেছে সবাই, তবে তাই বলে ক্লাব গুলো কম ব্যস্ত ছিল না।

দলবদলের বাজারে এবার ব্যস্ততা বেশি ছিল খেলোয়াড় ধার করায়। অনেক দলই ব্রাত্য হয়ে পড়া খেলোয়াড়দের বিক্রি করে দিতে চেয়েও পারেনি। ফলে ধারে পাঠাতে হয়েছে অনেককেই। আবার অনেক ক্লাবই পছন্দের খেলোয়াড় কিনতে চেয়েও পারেনি, তাই আপাতত ধার ও পরবর্তীতে কেনার শর্তে খেলোয়াড় নিয়েছে। এর মাঝেও কিছু ক্লাব দলবদলের অন্য ধরনের খেলায় জিতেছে, আর কেউ হেরেছে। কোনো খেলোয়াড় এই সুযোগটা কাজে লাগিয়ে উদ্ধার পেয়েছেন, কেউবা অনিচ্ছা সত্ত্বেও রয়ে গেছেন বর্তমান ক্লাবে।

চেলসি
দলবদল শেষে অবস্থান: বিজয়ী

এবারের দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। শুধু বেশি অর্থ খরচ করেছে বলেই তারা বিজয়ী এমন নয়। বরং মাঝে এক বছর দলবদলে নিষেধাজ্ঞার কারণে খরচ করতে না পারায় যে অর্থ বেঁচে গিয়েছিল, সেটা এবার তারা বুদ্ধির সঙ্গে খরচ করেছে। অন্য বড় ক্লাবগুলো এবার বড় দলবদল করতে না পারায় নিজেদের পছন্দের প্রায় সবাইকে দলে টানতে পেরেছে তারা। ২০ কোটি পাউন্ড খরচ করেছে দলটি। মৌসুম শেষ হওয়ার আগেই আয়াক্স থেকে হাকিম জিয়েশকে এনেছে তারা। দলবদলের মৌসুম শুরু হতেই দেখিয়েছে মূল খেলা।

দারুণ সব আক্রমণাত্মক খেলোয়াড় হাজির হয়েছেন চেলসিতে।
ছবি: রয়টার্স

গত এক মৌসুম ধরে টিমো ভের্নারের সঙ্গে লিভারপুলের নাম জড়ানো হচ্ছিল। কিন্তু এবার করোনা-পরবর্তী সময়ে পর্যাপ্ত অর্থ জোগাড় করা হয়নি অল রেডদের। এ সুযোগটা নিয়েছে চেলসি। আবার লেভারকুসেনের কাই হাভার্টজের জন্য রিয়াল মাদ্রিদ আগ্রহী ছিল। কিন্তু ক্লাবের বর্তমান খেলোয়াড়দের বেতন কমাতে বলে আবার নতুন খেলোয়াড় কেনায় অর্থ খরচ করাটা নৈতিকভাবে ঠিক মনে করেনি রিয়াল। ফলে গত এক মৌসুমে বড় সব ক্লাবের আগ্রহ তৈরি করেও চেলসিতেই গেছেন এই জার্মান প্লেমেকার। সে সঙ্গে লেফট ব্যাক বেন চিলওয়েল, সেন্টার ব্যাক থিয়াগো সিলভা ও গোলরক্ষক দুয়ার্দ মেন্দিকে নিয়ে দল গুছিয়ে এনেছে চেলসি।

মাঠে কেমন খেলবে চেলসি সেটা কোচ ল্যাম্পার্ড ও তাঁর কৌশলের ওপর নির্ভর করে। কিন্তু কাগজে-কলমে এখন পর্যন্ত দুর্দান্ত এক দল বলেই মনে হচ্ছে ব্লুজদের।

ম্যানচেস্টার ইউনাইটেড
দলবদল শেষে অবস্থান: পরাজিত

পুরো দলবদলের মৌসুমটা একটা নাম জপে পার করেছে ইউনাইটেড; জাডোন সাঞ্চো। কিন্তু দলবদলের মৌসুম শেষেও ইংলিশ তরুণের গায়ে বরুসিয়া ডর্টমুন্ডের জার্সি। মৌসুম শেষ হওয়ার আগেই জার্মানরা জানিয়ে দিয়েছিল, সাঞ্চোকে পেতে চাইলে সেটা ১০ আগস্টের আগেই জানাতে হবে এবং ১২ কোটি ইউরোর পুরোটা দিয়েই নিতে হবে। কিন্তু ইউনাইটেড সেটা দরাদরির অংশ বলেই ভেবেছিল। তাই অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু ডর্টমুন্ড প্রতিবারই সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত গত মৌসুমেই পিএসজি থেকে ছুটি পাওয়া এদিনসন কাভানি যুক্ত হয়েছেন দলে।

ইউনাইটেড দলবদলের বাজার কাজে লাগাতে পারেনি।
ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদের দলবদলে অংশ না নেওয়ার সিদ্ধান্তের সুবিধা ইউনাইটেডও তুলেছে। গত জানুয়ারিতেই আয়াক্সের ফন ডি বিকের স্পেনে যাওয়ার কথা পাকা হয়েছিল। কিন্তু সে দলবদল আর সম্ভব নয় বলে ইউনাইটেডেই গেছেন ডি বিক। এ ছাড়া দলবদলের শেষ দিনে লেফটব্যাক অ্যালেক্স তেলেসকে কিনেছে তারা। কিন্তু দলবদলে ইউনাইটেডের সবচেয়ে বেশি যা দরকার ছিল, সেটাই কেনা হয়নি তাদের। রক্ষণে ভালো কাউকে আনতে পারেনি তারা। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে খেলোয়াড় কেনার সুযোগ আছে তাদের। কিন্তু ইউনাইটেডের রক্ষণের ফাঁক ঢাকার জন্য যে ধরনের ডিফেন্ডার দরকার, তেমন কেউ ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে নিশ্চয়ই খেলেন না। টটেনহামের কাছে পরশু ৬-১ গোলে উড়ে যাওয়ার পর এটা নিশ্চিত, এবারের দলবদলটা কাজে লাগাতে পারেনি ইউনাইটেড।

রিয়াল মাদ্রিদ ও ব্রাত্যরা
দলবদল শেষে অবস্থান: বিজয়ী

এবারের দলবদলে ৪০ বছরের রেকর্ড ভেঙেছে রিয়াল। সেই কবের আশির দশকের শুরুতে কাউকে না কিনে দলবদলের মৌসুম শেষ করেছিল রিয়াল। এবার দলে নতুন মুখ বলতে শুধু ধার থেকে ফিরে আসা খেলোয়াড়েরা। কিন্তু তবু অক্টোবরে এসেও বিজয়ীর হাসি হাসছে রিয়াল। কারণ দলের জন্য বোঝা হয়ে ওঠা অনেক খেলোয়াড়কে যে তারা বিদায় করতে পেরেছে। হামেস রদ্রিগেজ গেছেন এভারটনে, গ্যারেথ বেলকে ধারে নিয়েছে টটেনহাম। আশরাফ হাকিমি ও সের্হিও রেগিলনকে বিক্রি করে দিয়েছে তারা। ধারে পাঠিয়েছে অসংখ্য তরুণকে। কোনোকালেও দলে প্রয়োজন নেই এমন সব খেলোয়াড় বিক্রি করে ও ধারে পাঠিয়ে ১০ কোটি ইউরো আদায় করে নিয়েছে। হামেস ও বেলের মতো খেলোয়াড়দের বড় অঙ্কের বেতনটাও সরাতে পেরেছে ক্লাবের খরচের খাতা থেকে। শুধু স্ট্রাইকার মারিয়ানোর ক্ষেত্রে নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে পারেননি কোচ জিনেদিন জিদান।

পুরোনোদের ওপরই ভরসা রাখতে হবে রিয়ালকে।
ছবি: রয়টার্স

গত মৌসুমে লিগ জেতা দলটাই ধরে রেখেই ১০ কোটি ইউরো জোগাড় করে আগামী দলবদল মৌসুমের জন্য প্রস্তুত হয়েছে রিয়াল। বিজয়ীদের খাতায় আছে রিয়াল থেকে যাওয়া খেলোয়াড়েরাও। হামেস এরই মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন। বেল বহুদিন পর হাসতে পারছেন মন খুলে। রেগিলন, অস্কার ও হাকিমিরাও নিজ নিজ দলে আলো ছড়াচ্ছেন। কুবো, রেইনার, মায়োরালও ধারে গিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন, যেটা রিয়ালে থাকলে সম্ভব হতো না।

লিওনেল মেসি ও বার্সেলোনা
দলবদল শেষে অবস্থান: পরাজিত

বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দলবদলের মৌসুম জমিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত তা করতে না পারলেও, বিশেষ এক সাক্ষাৎকারে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তিনি আগামী মৌসুমেই ক্লাব ছাড়তে চান। শুধুমাত্র ক্লাবের সঙ্গে আইনি লড়াইয়ে নামতে চান না বলেই এবার থেকে গেছেন। নিজে রয়ে গেলেও বন্ধু লুইস সুয়ারেজের বিদায় আটকাতে পারেননি। লিগ প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন সুয়ারেজ। ক্লাবে সঠিক পরিকল্পনার ছাপ দেখতে না পেয়ে বার্সেলোনা ছাড়তে চাওয়া মেসি এ মৌসুমেও তাই দলকে ভুল পথে হাঁটতে দেখলেন।

রক্ষণে নিজেদের পছন্দের কাউকে নিতে পারেনি বার্সেলোনা।
ছবি: রয়টার্স

দলবদলে চুপচাপ ছিল না বার্সেলোনা। আগেই দলবদল করে রাখা ফ্রান্সেসকো ত্রিনকাও, পেদ্রি এসেছেন, এসেছেন রাইটব্যাক সের্হেনিও দেস্ত। কিন্তু সুয়ারেজের মতো মৌসুমে ২০ গোল এনে দেওয়া স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে তাঁর বদলি আনা হয়নি। রক্ষণে বাড়তি ডিফেন্ডার চাওয়ার পরও রোনাল্ড কোমানকে কোনো নতুন ডিফেন্ডার দেওয়া হয়নি। কোচ নিজেও ভুল করেছেন, ক্লাবের অন্যতম সেরা তরুণ প্রতিভা রিকি পুচকে বলে দেওয়া হয়েছে নিয়মিত খেলার সুযোগ পাবেন না। ক্লাবে অপাঙেক্তয় হয়ে ওঠা স্যামুয়েল উমতিতি, ডেমবেলে ও ব্রাথওয়েটের জন্য নতুন কোনো ক্লাব খুঁজে পায়নি তাঁরা। ঘরোয়া লিগ থেকে এখনো খেলোয়াড় কেনা সম্ভব বার্সেলোনার পক্ষে। সে সুযোগ কাজে লাগাতে না পারলে বিপাকেই পড়বে তারা।

বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড
দলবদল শেষে অবস্থান: বিজয়ী

গত মৌসুমে ট্রেবল জেতা বায়ার্ন মিউনিখ এ দলবদলে থিয়াগো আলকানতারাকে হারিয়েছে লিভারপুলের কাছে। কিন্তু দলবদলের বাজারে উল্টো শক্তি বেড়েছে তাদের। লিরয় সানে, ডগলাস কস্তা, তাঙ্গি কৌয়াসি, বৌনা সার ও মার্ক রোকার মতো খেলোয়াড় এনেছে তারা। ফলে সম্ভাব্য সব শূন্যস্থান পূরণ হয়েছে তাদের।

বায়ার্নের কাছে সুপার কাপ হেরে মৌসুম শুরু করলেও দলের শক্তি বাড়ানোয় পিছিয়ে নেই ডর্টমুন্ড। সাঞ্চোকে ধরে রেখেছে তারা। সাঞ্চো, হরলান্ড, রেইনার মতো তরুণদের সঙ্গে এবার যোগ হয়েছেন জুড বেলিংহাম। রিয়াল থেকে দুই বছরের জন্য গেছেন রেইনার। আশরাফ হাকিমি বিদায় নিলেও সে জায়গা পূরণ করেছেন টমাস মনিয়ে। ওদিকে নিজেদের সেরা খেলোয়াড় হারিয়েছে বেয়ার লেভারকুসেন ও লাইপজিগ। ফলে বুন্দেসলিগায় এবার দাপট মিউনিখ ও ডর্টমুন্ডেরই থাকবে।

দাপট এবারও কমার সম্ভাবনা নেই বায়ার্ন মিউনিখের।
ছবি: রয়টার্স

ভ্যালেন্সিয়া
দলবদল শেষে অবস্থান: পরাজিত

এবার দলবদলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটির নাম ভ্যালেন্সিয়া। স্প্যানিশ এই ক্লাব মালিকের একনায়কতন্ত্রের বলি হয়ে ছেড়ে দিয়েছে ক্লাবের সেরা সব খেলোয়াড়দের। মাত্র ২ কোটি ইউরোর একটু বেশি দামে ছেড়ে দিয়ে ক্লাবের সেরা প্রতিভা ফেরান তোরেসকে। দানি পারেহো ও ফ্রান্সিস কোকেলিনকে প্রায় মুফতে দিয়ে দিয়েছে ভিয়ারিয়ালের কাছে। রদ্রিগো মরেনো গিয়েছেন লিডসে। ক্লাবের সবচেয়ে বড় চার নাম চলে গেলেও দলবদলে নতুন কাউকে আনতে পারেননি কোচ জাভি গ্রাসিয়া।