মেসির দুর্ভাগ্য থেকেই লা লিগায় গোলপ্রযুক্তি

মেসির বাতিল হওয়া গোলটি ভালোই আলোড়ন তুলেছে। রেফারির ভুলে মেসি কেবল গোল থেকেই বঞ্চিত হননি, বার্সেলোনাও ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারিয়েছে মহামূল্যবান পয়েন্ট। এ নিয়ে সমালোচনা-বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই লা লিগ সভাপতি হাভিয়ের তেবাস জানিয়ে দিলেন, এমন ভুল এড়াতে আগামী মৌসুম থেকেই চালু হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি।
রোববার লা লিগায় মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। ম্যাচে লিওনেল মেসির শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতোর হাত ফসকে গোললাইন অতিক্রম করে। পড়িমরি করে বল বের করে আনেন নেতো। বার্সেলোনা খেলোয়াড়েরা গোলের দাবি জানালেও খেলা চালিয়ে যান রেফারি। লাইনসম্যান গোলের সংকেতই দেননি। খেলা শেষে জর্ডি আলবা রেফারিংকে ‘জঘন্য’ বলেছিলেন।
ভবিষ্যতে যেন কোনো দলকে এমন দুর্ভাগ্যের মধ্য দিয়ে যেতে না হয়, তা নিশ্চিত করতে পরের মৌসুম থেকেই প্রযুক্তির সাহায্য নেবে লা লিগা। ইংলিশ প্রিমিয়ার লিগ ও জার্মান বুন্দেসলিগায় ইতিমধ্যেই ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তির ব্যবহারে বল গোললাইন অতিক্রম করল কি না, তা নিশ্চিত করতে ভিডিও রিপ্লে দেখা হবে। ইতিমধ্যেই এই ব্যবস্থা সাফল্যের মুখ দেখেছে।
আগেও লা লিগায় ভিএআরপ্রযুক্তি ব্যবহার করার কথা হয়েছে। কাতালান গণভোটের আগের দিন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল লিগ কর্তৃপক্ষ। লা লিগা প্রেসিডেন্ট আশা করছেন, আগামী মৌসুম থেকে প্রযুক্তির ব্যবহারে এমন ভুলের সংখ্যা কমে আসবে। মেসির নেওয়া সেই শট গোল হয়েছিল বলেও রায় দিয়েছেন তিনি, ‘স্পেনসহ সারা বিশ্ব গোলটি দেখেছে। আমি যদি বলি এটা গোল ছিল না, তবে আপনারা বলবেন আমি অন্ধ। নিশ্চিতভাবেই এটা গোল ছিল। আমরা আশা করছি, আগামী মৌসুম থেকে ভিএআর প্রযুক্তির মাধ্যমে আমরা এমন সমস্যার সমাধান করতে পারব।’
ম্যাচে ভালো খেলেও জয় নিয়ে ফিরতে পারেনি বার্সা। ন্যায্য ফলবঞ্চিত হওয়ায় রেফারিংয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কবে নাগাদ এই প্রযুক্তি আসবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই জানাননি লা লিগা প্রেসিডেন্ট। শেষে তিনি যোগ করেছেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি, যাতে আগামী মৌসুম থেকেই ভিএআর প্রযুক্তি চালু করা যায়।’ সূত্র: গোল ডটকম।