মেসির নাম ব্যবহার করে রোনালদোকে 'ঘৃণিত' অপমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই সুন্দর মূর্তিটি, যেটি রোনালদোর জন্মস্থানে বসানো হয় ২০১৪ সালে। ফাইল ছবি
এই সেই সুন্দর মূর্তিটি, যেটি রোনালদোর জন্মস্থানে বসানো হয় ২০১৪ সালে। ফাইল ছবি

একদিকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁদের ‘যুদ্ধ’টা ফুটবল মাঠে। কে কার চেয়ে বেশি গোল করবেন, কে দলের জয়ে বেশি অবদান রাখবেন, মৌসুম শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার সহ সব রেকর্ড-ট্রফি ঘরে নিয়ে যাবেন—তা নিয়ে নিরন্তর প্রতিযোগিতা।

অন্যদিকে ‘লড়াই’য়ে এই দুজনের ‘পাগলাটে’ সমর্থকেরা। চায়ের কাপে তিন চারজন থেকে ইন্টারনেটে লাখ-কোটিতে ছড়িয়ে পড়ে এঁদের যুদ্ধটা। ‘কার পছন্দের খেলোয়াড় বেশি ভালো’—এই মধুর বিতর্কেই যেন এদের যত সুখ। গত দুবছর সুসময় গেছে রোনালদো ভক্তদের। এবার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর জিতে মেসি তাঁর সমর্থকদের আগামী এক বছরের জন্য ‘গোলাবারুদে’র বন্দোবস্ত করে দিয়েছেন এই বিতর্কে।

তবে এই বিতর্কটা সব সময় যে ‘মধুর’ থাকে তা-ও নয়। মাঝে মাঝে সভ্যতার সীমা ছাড়িয়ে কিছুটা কদর্য রূপও নিয়ে নেয়। যেমন হলো ব্যালন ডি’অর জয়ের পরের দিন। রোনালদোর জন্য বেশ অপমানজনকই হলো বিষয়টি। জন্মস্থান মাদেইরায় পর্তুগিজ তারকার যে মূর্তি আছে, ব্যালন ডি’অরের পরের দিন কেউ তাতে রং দিয়ে মেসির নাম ও জার্সি নম্বর লিখে রেখেছে!

ভাবুন তো, মেসি রিয়াল মাদ্রিদের সাত নম্বর জার্সি পরে খেলছেন, কিংবা রোনালদো বার্সেলোনার ১০ নম্বর—কেমন অদ্ভুত লাগবে না? তেমনই অদ্ভুত রোনালদোর মূর্তিতে এভাবে ‘মেসি ১০’ লিখে রাখাটাও।

অদ্ভুত তো বটেই, এভাবে মূর্তি বিকৃত করাটা রোনালদোর জন্য অপমানজনকও বটে। ২০১৪ সালের ডিসেম্বরে রোনালদো নিজেই মূর্তিটা উন্মোচন করেছিলেন। মাদেইরার বিচে, পর্তুগিজ তারকার বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরেই ঠায় দাঁড়িয়ে ১১ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তিটি। এটি রোনালদোর জন্য বিশেষ সম্মান ও গর্বের একটি মূর্তি ছিল। কিন্তু তাঁর নাড়িপোঁতা মাদেইরায় তাঁরই মূর্তিতে মেসি নামের ছোপ ছোপ দাগ!

সেই মূর্তিতেই কে বা কারা লিখে দিল মেসির নাম!
সেই মূর্তিতেই কে বা কারা লিখে দিল মেসির নাম!



রোনালদোর এবারের ব্যালন ডি’অর জিততে পারার ব্যর্থতায় কে বা কারা এই কাজটি করেছে। সেটি নিছকই মজা করার জন্যই হয়তো। তবে এভাবে মেসির নাম দিয়ে রোনালদোর মূর্তি রাঙিয়ে দেওয়াটিকে রোনালদোর প্রতি এক ধরনের অবিবেচনাপ্রসূত ঠাট্টা হিসেবেই দেখছেন সবাই।

পর্তুগিজ তারকার বোন কাতিয়া আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে ‘ঘৃণিত’ জানিয়ে লিখেছেন, ‘ওর (রোনালদো) প্রতি ঈর্ষা থেকেই এমন ঘৃণিত কাজটি করা হয়েছে। ব্যাপারটি আসলে কিছু হীন ও হতাশ লোকের জনসম্মুখে একটা জঘন্য প্রদর্শনী। একজন পর্তুগিজ হিসেবে আমি বেশ লজ্জিত ও দুঃখিত।’

রোনালদোর বোন পরিচয় দিতে পেরে নিজেকে গর্বিত জানিয়ে কাতিয়া সবাইকে মনে করিয়ে দিলেন পর্তুগালের প্রতি, মাদেইরার প্রতি রোনালদোর অসীম ভালোবাসার কথাও, ‘এই কাজটির জন্য যারা দায়ী এবং ওর প্রতি যাদের নেতিবাচক ধারণা আছে, তাদের জানা উচিত, আমাদের এই দ্বীপটা পৃথিবীর সেরা মনোনীত হয়েছে। কিন্তু সেটি শুধু সমুদ্রটা সুন্দর বলেই নয়, আমাদের খাবারের জন্যও নয়, মাদেইরেন্স লোকদের সুন্দর আচরণের (যদিও সেটা দিনে দিনে কমছে) জন্যও নয়। বরং এই কারণে যে, এই অসাধারণ মাদেইরেন্স মানুষটি (রোনালদো) তাঁর জন্মস্থানকে প্রতিনিয়ত সম্মান এনে দিচ্ছে।’

এটুকু বলেই থামেননি কাতিয়া। তাঁর মতে, রোনালদোর নাম ও প্রচারের কারণেই মাদেইরাতে প্রতি বছর পর্যটকের সংখ্যা বাড়ছে। আর এ কারণে সেখানে অনেক লোকের কর্মসংস্থানও হচ্ছে। তবুও সেই রোনালদোর প্রতিই এমন জঘন্য আচরণের জন্য দায়ী যারা তাদের শুধুই ‘গায়ে পড়ে যুদ্ধ’ করতে ইচ্ছুক জানিয়ে কাতিয়া বললেন, ‘দুঃখজনক হলেও সত্যি আমাদের এই সুন্দর দ্বীপটা কিছু হতাশ ও অসভ্য লোকের বসতি হয়ে দাঁড়িয়েছে। এসব লোকদের সিরিয়ায় চলে যাওয়া উচিত। এদের মানুষের প্রতি কোনো সম্মান নেই, জীবনের প্রতিও কোনো মূল্য নেই। একে অন্যের সঙ্গে লেগে থাকতেই এরা পছন্দ করে, এই মাদেইরাতে থাকার কোনো অধিকার এদের নেই।’

গত মঙ্গলবারই রোনালদোর মূর্তি থেকে এসব রং মুছে দিয়েছে। কিন্তু সব চাইলেও কি আর ‘মুছে’ ফেলা যায়! তথ্যসূত্র: স্কাই স্পোর্টস।