মেসির নীরবতার কারণ জানেন বাউজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি দিন হয়নি মেসিদের কোচ হয়েছেন তিনি। তা যদ্দিনই হোক, দলের অধিনায়ক লিওনেল মেসিকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। সেই বোঝা থেকেই বাউজা উদ্ঘাটন করেছেন লেগানেসের বিপক্ষে মেসির গোল উদ্যাপন না করার কারণ।
গত রোববার স্প্যানিশ লিগে লেগানেসের কাছে পয়েন্ট হারানোর কাছাকাছি চলে গিয়েছিল বার্সা। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দেন মেসি। কিন্তু গোলটি করার পর কোনো উচ্ছ্বাসই দেখাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঠায় দাঁড়িয়ে ছিলেন! কোচ লুইস এনরিকে আর ডিফেন্ডার জেরার্ড পিকেও একই কাজ করেছেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠলে তা এড়িয়ে যান এনরিকে।
এমন একটি গোলের পর মেসির নীরব থাকার একটি কারণ বাউজা খুঁজে পেয়েছেন। পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সা ৪-০ গোলে হেরে যাওয়ার পর পুরো দলেরই সমালোচনা হয়েছে। সেই ম্যাচে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। এ নিয়েও কম কথা হয়নি। সবকিছু নিয়ে মেসি ক্ষুব্ধ ছিলেন বলে মনে করেন বাউজা, ‘আমার মনে হয়, পিএসজি ম্যাচের পর যে সমালোচনা হয়েছে এর জবাব দিয়েছে মেসি। আমি লক্ষ করেছি, গোলগুলো করার পর ও খুব রেগে ছিল।’ ফোরফোর টু।