মেসির পক্ষে সরব তাঁরা
সম্ভবত নামটা লিওনেল মেসি বলেই এমন হয়। তাঁর সামান্য কিছুতেই বিশ্ব তোলপাড়! চোটের কারণে আর্জেন্টিনার হয়ে একটা ম্যাচ খেলেননি। তাতেই গুঞ্জন—মেসি নাকি ছেড়ে দেবেন জাতীয় দলই! সে গুঞ্জন ডালপালা মেলে এমন অবস্থায় গেছে যে এখন সেটাকে শুধু গুঞ্জন বলে উড়িয়ে দিতে মেসির হয়ে মুখ খুলতে হলো তাঁর জাতীয় দলের সতীর্থদের, এমনকি কোচ জেরার্ডো মার্টিনোকেও।
গত সপ্তাহে ডুসেলডর্ফে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচটায় খেলতে পারেননি মেসি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ছাড়াই অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচের পরই গুঞ্জন ছড়িয়েছে, জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন মেসি। এ কারণেই নাকি চোটের ‘অজুহাত’ দেখিয়ে খেলেননি জার্মানির সঙ্গে। অধিনায়ককে নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের এমন গুঞ্জনে স্বভাবতই বিরক্ত মেসির জাতীয় দল ও ক্লাব বার্সেলোনার সতীর্থ হাভিয়ের মাচেরানো, ‘ওর চোটের সমস্যা ছিল বলেই খেলেনি। আমি বুঝি না এটা নিয়ে এত বিতর্ক কেন। এটা তো প্রীতি ম্যাচ। এমন নয় যে, সে বিশ্বকাপের ম্যাচ মিস করেছে।’ আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো তো পাত্তাই দিচ্ছেন না এসব গুঞ্জনকে, ‘ওকে নিয়ে এসব বিতর্ক বন্ধ হোক। সে আমাদের অধিনায়ক এবং আমার পুরো বিশ্বাস আছে তার ওপর।’ এই বিতর্ক অপ্রয়োজনীয় বলে মনে করেন আর্জেন্টিনার কোচ মার্টিনোও। মার্কা, এএস।