মেসির পানেনকা সেরা, রায় পানেনকারই

সাহসী-সুন্দর! পানেনকার মতো পেনাল্টি কিক আর হয় না। সাহসী-সুন্দর বলেই পানেনকার দেখা মেলে কালেভদ্রে। সর্বশেষ যা দেখা গেল লিওনেল মেসির সৌজন্যে। লিগে গেটাফের বিপক্ষে গত ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। যে পেনাল্টি তাঁর অন্যতম দুর্বলতা বলে চিহ্নিত করেন নিন্দুকেরা, সেই মেসির পা থেকেই বেরোল পানেনকা। গোলরক্ষক স্রেফ বোকা বনে গেলেন।
এক সময় জিনেদিন জিদান-ফ্রান্সেসকো টট্টিরা মাঝেমধ্যেই পানেনকার ফুল ফোটাতেন। আন্দ্রেয়া পিরলো তো পানেনকাকে আলাদা মাত্রাই দিয়েছিলেন। এমনকি সার্জিও রামোসের মতো রক্ষণভাগের খেলোয়াড়ও পানেনকার জাদু দেখিয়েছেন। কিন্তু সবার পানেনকা ছাপিয়ে সেরার মর্যাদা পাচ্ছে মেসিরটাই। আর এ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না এ জন্য, মেসির পানেনকাটিকে সেরা বলে রায় দিচ্ছেন খোদ পানেনকার স্রষ্টা।
পেনাল্টি কিক নেওয়ার সময় একটা বিষয় প্রায় নিশ্চিত। গোলরক্ষক হয় ডানে ঝাঁপ দেবে নয়তো বাঁয়ে। গোলরক্ষক যেদিকে ঝাঁপ দেয়, সেটিকেই শটটা মারা হলে পেনাল্টিটা ব্যর্থ হওয়ার শঙ্কাই বেশি। পেনাল্টি ঠেকানো নিয়ে আধুনিক ফুটবলে বিস্তর গবেষণা করে দলগুলো, গোলরক্ষক কোচদের ল্যাপটপে থাকে বিস্তর ভিডিও। তাহলে উপায়?

উপায় বাতলে দিয়েছিলেন আন্তোনিন পানেনকা। যেটি ফুটবল ইতিহাসে একটি রূপকথা হয়ে আছে। যে রূপকথার জন্ম হয়েছিল ১৯৭৬ ইউরোতে। সেবার অনেককে চমকে দিয়ে ফাইনালে উঠেছিল চেকোস্লোভাকিয়া। এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি, মাত্র দুই বছর আগেই বিশ্বকাপ জিতেছিল যারা। নির্ধারিত সময়ে ২-২ ড্র থাকা ম্যাচটি গড়িয়েছিল পেনাল্টি শ্যুট আউটে। চেকোস্লোভাকিয়ার হয়ে শেষ শটটি নিতে এসেছিলেন পানেনকা।
এর আগে দুবার বিশ্বকাপ ফাইনাল খেললেও কখনোই ফুটবলে বড় কোনো শিরোপা জেতেনি চেকোস্লোভাকিয়া। পানেনকার কাঁধের ওপর বিশাল চাপ। জার্মানির চতুর্থ শটটি বারের ওপর দিয়ে মেরেছেন উলি হোয়েনেস। টাইব্রেকারের স্কোরলাইন চেকোস্লোভাকিয়ার পক্ষে, ৪-৩। ফলে পানেনকা জালে বল পাঠাতে পারলেই শিরোপা জিতে যাবে চেকোস্লোভাকিয়া! সামনে বাধা হয়ে গোলপোস্টের নিচে সেপ মেয়ার, সে সময়ের সেরা গোলরক্ষক। পানেনকা জানতেন মেয়ার যেকোনো এক দিকে ঝাঁপাবেনই। তাহলে কী করা যায়?
যা করলেন, সেটা ফুটবল ইতিহাসে কেউ কখনো করেনি। ডানে-বাঁয়ে কোনো দিকেই নয়, আলতো টোকায় বল ভাসিয়ে পানেনকা বল মেরে দিলেন সোজা। মেয়ার পোস্টের ডান দিকে ঝাঁপালেন। আর বল মাঝখান দিয়ে ঢুকে গেল জালে! তাঁর এই পেনাল্টি কিকে মুগ্ধ হয়ে এক ফরাসি ক্রীড়া সাংবাদিক পানেনকার নামের পাশে লিখেছিলেন ‘কবি’। এভাবে চিপ করে বল তুলে দিয়ে পেনাল্টি নেওয়াটাও তাঁর নামেই নামাঙ্কিত।
২০১২ ইউরোতে আবার পানেনকাকে আলোচনায় নিয়ে আসেন পিরলো। ওই আসরেই পানেনকা শট নিয়েছিলেন রামোস। বর্তমানে ৬৬ বছর বয়সী পানেনকার গর্ব হয় কেউ তাঁর শটটি নিলে। এ কথা জানানোর পাশাপাশি মেসির পানেনকাটিকেও সেরা বলে রায় দিয়েছেন তিনি, ‘এটা আমার দেখা সেরা পানেনকা: খুব বেশি শক্তি দিয়ে শটটি মারা হয়নি, একদম মাঝখান দিয়ে গেছে, ওপরের দিকে বাঁক খেয়ে। মেসির কৌশল সত্যিই মুগ্ধ করে দেয়। এই গোলটা ওর বিস্ময়কর প্রতিভার আরও একটি প্রমাণ। খেলোয়াড়েরা পেনাল্টিতে পানেনকা নেয় বা নেওয়ার চেষ্টা করে দেখলে আমার খুব আনন্দ হয়। সাংবাদিকেরাও এ নিয়ে লেখালেখি করেন, সমর্থকেরা এ ধরনের শট খুব উপভোগ করে—এটাও আমাকে গর্বিত করে। রামোস, টট্টি, জিদানের মতো খেলোয়াড়েরা পানেনকা পেনাল্টি নিয়েছে। কিন্তু মেসিরটি এগুলোর মধ্যে সবচেয়ে সেরা।’