মেসির পাশে আদ্রিয়ানো

‘হ্যাটট্রিক করাটাই দারুণ ব্যাপার। ৫ গোল করার তো তুলনাই নেই। আমি এখন বলতে পারব চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোল করেছি।’
হ্যাঁ, এক রাতেই সারা জীবন গল্প করে বেড়ানোর মতো অর্জন পেয়ে গেলেন লুইজ আদ্রিয়ানো। পরশু চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার রাতে একাই ৫ গোল করে লিওনেল মেসির পাশে বসে গেলেন শাখতার দোনেৎস্কের ফরোয়ার্ড। বেলারুশিয়ান ক্লাব বাতে বরিসভের বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল করে নতুন রেকর্ডও করে ফেলেছেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে এর আগে কেউ ৪ গোল করতে পারেননি।
২৮ মিনিটে পেনাল্টি গোলেই শুরু হয়েছিল আদ্রিয়ানোর গোলের ধারা। ১২ মিনিট পরই হ্যাটট্রিক, ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে হয়ে ১১টি ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের চেয়ে চ্যাম্পিয়নস লিগে কম সময়ে হ্যাটট্রিক করেছেন আর মাত্র দুজন। হ্যাটট্রিক করার চার মিনিট পর চতুর্থ গোল, ২০০৭ সাল থেকেই শাখতারে খেলা আদ্রিয়ানো ৮২ মিনিটে আরেকটি পেনাল্টি থেকেই পেয়েছেন তাঁর পঞ্চম গোল। এএফপি, দ্য গার্ডিয়ান।
চ্যাম্পিয়নস লিগে দ্রুততম পাঁচ হ্যাটট্রিক
৮ মিনিট বেফেতিম্বি গোমেজ লিঁও-ডায়নামো জাগরেব ৭ ডিসে. ২০১১
৯ মাইক নিওয়েল ব্ল্যাকবার্ন-রোজেনবার্গ ৬ ডিসে. ১৯৯৫
১২ লুইজ আদ্রিয়ানো শাখতার-বরিসভ ২১ অক্টো. ২০১৪
১৪ নেইমার বার্সেলোনা-সেল্টিক ১১ ডিসে. ২০১৩
১৫ ক্লদিও পিজারো বায়ার্ন-লিল ৭ নভে. ২০১২