মেসির পাশে খেলছেন, বিশ্বাস হচ্ছে না ব্রাজিল প্রতিভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ব্রাজিলের নতুন প্রতিভা ম্যালকমের উত্থান অবিশ্বাস্য। চার বছর আগে পেশাদার ফুটবলে অভিষেক। দুই বছরের মাথায় ফরাসি ক্লাব বোর্দোতে। সেখান থেকে এবার বার্সেলোনায়।
মেসির আলিঙ্গন! বিশ্বাসই হচ্ছে না ম্যালকমের। ছবি: এএফপি
মেসির আলিঙ্গন! বিশ্বাসই হচ্ছে না ম্যালকমের। ছবি: এএফপি

চার বছর আগেও কেউ যদি বলত, একদিন তো তুমি লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলবে; ম্যালকম নিজে হেসে উড়িয়ে দিতেন। ২০১৪ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর কত দ্রুত সবকিছু বদলে গেল। এই মৌসুমেও তাঁর খেলার কথা ছিল রোমার জার্সি গায়ে। সব ঠিক। চুক্তিতে সই করে স্বাস্থ্য পরীক্ষা দেওয়া বাকি। সেই মুহূর্তে বোর্দো থেকে ম্যালকমকে উড়িয়ে নিয়ে এল বার্সা! ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার প্রাক-মৌসুমে আলো ছড়িয়েছেন। কালও হুয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনার প্রথম গোল এসেছে তাঁর পায়ে।

এই গোল অবশ্য প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের হিসাবে থাকবে না। তবে ম্যালকম গোলটা ভুলবেন কী করে! একে তো বিখ্যাত ন্যু ক্যাম্পে তাঁর প্রথম ম্যাচ ছিল কাল। মেসির সঙ্গেও একই একাদশে খেললেন এই প্রথম। তার ওপর গোলটার নেপথ্য কারিগর ছিলেন মেসি। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে।

ম্যালকম বলেছেন, ‘ভাষায় প্রকাশ করতে পারছি না। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। ওর সঙ্গে একই একাদশে খেলা, আর ওরই বানিয়ে দেওয়া ম্যাচে গোল করায় আমি ভীষণ খুশি।’ ন্যু ক্যাম্পের অভিজ্ঞতাও আলোড়িত করেছে তাঁকে, ‘এমন একটা স্টেডিয়াম, এত এত দর্শকের সামনে চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। ন্যু ক্যাম্পে এটা আমার প্রথম ম্যাচ। গ্যালারিতে আমার পরিবারের সদস্যরাও আছে। গোল করেছি। সব মিলিয়ে যেন স্বপ্ন। হোক না এটা প্রীতি ম্যাচ, আমি তবু অনেক খুশি। গোল দিয়ে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ।’

এবার লা লিগাতেও এমন শুভসূচনা প্রত্যাশা করছেন এখনো ব্রাজিল জাতীয় দলের জার্সির অপেক্ষায় থাকা ম্যালকম, ‘লা লিগা শুরু নিয়ে একটু চিন্তায় আছি। আমাদের গ্রেট সব খেলোয়াড় আছে। সতীর্থেরা আমাকে যেভাবে বরণ করে নিয়েছে, তাতেও আমি খুব খুশি। আশা করি সামনে আরও আরও অনেক গোল এনে দেব।’

ব্রাজিলের করিন্থিয়ানসে খেলে বড় হওয়া ম্যালকম অবশ্য গোলস্কোরার হিসেবে নন, আক্রমণভাগে তাঁর খেলার জন্যও দ্রুত নজর কেড়েছেন। গতবার ফ্রেঞ্চ লিগে বোর্দোর হয়ে ৩৫ ম্যাচে তবু ১২ গোল আছে তাঁর।