মেসির পাশে বার্সা

দলের মহাতারকার বিপদ। ২২ মাসের কারাদণ্ড হতে পারে কর ফাঁকির মামলায়। বার্সেলোনা জানিয়েছে, লিওনেল মেসির ওপর পূর্ণ আস্থা আছে তাদের। মামলা চলার সময় তঁাকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে কাতালান ক্লাবটি।
কর ফাঁকির মামলা থেকে মেসি রেহাই পাচ্ছেন, এটা জেনে প্রথমে খুশিই হয়েছিল বার্সেলোনা। কিন্তু পরের খবরটি এল বিস্ময় হয়ে। বাবার পাশাপাশি মামলা চলবে মেসির বিরুদ্ধেও! সরকারি কৌঁসুলি বলেছিলেন মেসিকে বাদ দিয়ে শুধু তাঁর বাবা হোর্হের বিরুদ্ধে মামলা চলবে, কিন্তু পরে বেঁকে বসেছেন রাষ্ট্রীয় অ্যাটর্নি। মেসিকেও বিচারের আওতায় আনতে চান তিনি। বিচারকও সায় দিয়েছেন অ্যাটর্নির কথাতেই। সব মিলিয়ে পুরো ঘটনাটিকে মেসির জন্য হয়রানিমূলক বলেই মনে করছে তাঁর ক্লাব। বিচার বিভাগের দুই অংশের মতপার্থক্য বার্সার কাছে রীতিমতো বিস্ময়কর, ‘কৌঁসুলি অফিস ও অ্যাটর্নির মতের ভিন্নতা ক্লাবের জন্য একটি ধাক্কা হয়ে এসেছে। ২৫ সেপ্টেম্বর কৌঁসুলি অফিস আর্থিক অপরাধের মামলায় মেসিকে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। আজ (পরশু) স্টেট অ্যাটর্নি যে মত দিয়েছেন তা একেবারেই উল্টো।’
মেসি আর বার্সেলোনা এখন সমার্থক নাম। চারবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকাকে এই সংকটে সব ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ক্লাবটি, ‘মামলা চলাকালে ক্লাব তাঁকে আইনি, আর্থিক ও প্রশাসনিক সব সাহায্য ও সমর্থন দিয়ে যাবে।’ ফক্স স্পোর্টস।
খেলার সঙ্গে সম্পর্কহীন এসব ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘বাইরের সিদ্ধান্ত’ বলছে বার্সেলোনা, এর মধ্যে তারা খুঁজে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ।