মেসির পাশে রোনি-নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

মাঠ ও মাঠের বাইরের ঘটনা মিলিয়ে সম্ভবত এর চেয়ে বাজে সময় আসেনি লিওনেল মেসির ক্যারিয়ারে। শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হেরে শোকে আর্জেন্টিনা জাতীয় দল থেকেই অবসর নিয়েছেন। তারও পর দিন পাঁচেক আগে কর ফাঁকির মামলায় বার্সেলোনা ফরোয়ার্ড ও তাঁর বাবাকে ২১ মাসের স্থগিত জেলের সাজার পাশাপাশি জরিমানা করেছেন স্পেনের আদালত। ঘোর এই দুঃসময়ে মেসি পাশে পাচ্ছেন দুই প্রজন্মের দুই ব্রাজিলিয়ানকে—রোনালদিনহো ও নেইমার।
তিনজনের মধ্যে এমনিতেই অদ্ভুত সুন্দর একটা যোগ আছে। বলা হয়, বার্সেলোনার মূল দলে মেসিকে প্রথম বুকে টেনে নিয়েছিলেন রোনালদিনহো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তাঁর সম্পর্কও সব সময় বন্ধুর মতো। সদা হাস্যময় এই ব্রাজিলিয়ানের কাছ থেকেই বিগত দশকের শেষ দিকে বার্সেলোনার প্রাণভোমরার ব্যাটনটা পেয়েছিলেন মেসি। আর ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে নেইমারকে। রোনালদিনহো-মেসির মতো মাঠ ও মাঠের বাইরে মেসি-নেইমারের বন্ধুত্বের রসায়নটাও বেশ নজরকাড়া।
সেই বন্ধুত্বের রেশ ধরেই হয়তো দুজন পাশে দাঁড়ালেন মেসির। এত কম বয়সে জাতীয় দল থেকে মেসির অবসর নেওয়ার সিদ্ধান্তটাকে মেনে নিয়েছেন রোনালদিনহো ও নেইমার দুজনই। তারপরও স্প্যানিশ দৈনিক মার্কাকে বলা নেইমারের কথাগুলোয় ফুটে উঠেছে আক্ষেপ, ‘আমি ওর সিদ্ধান্ত সমর্থন করি। কিন্তু মেসিকে ছাড়া ফুটবল আর ফুটবল থাকবে না। ওকে ছাড়া ফুটবল কল্পনাই করা যায় না। যদি আপনি ফুটবল পছন্দ করেন, তাহলে মেসিতে, বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ওর অর্জনে মুগ্ধ হওয়ারই কথা।’
রোনালদিনহো কথা বলেছেন মেসির অবসর ও সাজা দুটি নিয়েই। সাবেক ব্রাজিল ফরোয়ার্ড বলেছেন, ‘ও (মেসি) বিশ্বসেরা খেলোয়াড়। ওকে এমন সংকটের মধ্যে দেখা কষ্টদায়ক।’ মেসির আকস্মিক অবসরের সিদ্ধান্তে রোনির সুরও নেইমারের মতো, ‘মেসি ওর সিদ্ধান্ত নিয়েছে। এটা দুঃখজনক, কারণ এখনো ও-ই সেরা। তবে যা-ই হোক, আমি ওর পাশেই আছি।’
মেসির অবসরের প্রসঙ্গে এল রোনালদিনহোর ক্যারিয়ারের কথাও। ফুটবলেরই সবচেয়ে বড় আক্ষেপগুলোর একটি যে, একটা সময় আশ্চর্য জাদুমন্ত্রে বিশ্বকে মোহিত করে রাখা রোনালদিনহো এখন ‘বেকার’। অবসর নেননি, তবে পরের গন্তব্য কী সেটি নিজেও জানেন না, ‘আমি নিজেও জানি না, কোথায় অবসর নেব।’ নতুন ঠিকানায় নাম লেখাতে শুধু একটাই শর্ত ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের—অর্থ মূল ব্যাপার নয়, যেখানে আনন্দ পাবেন সেখানেই যাবেন।
আপাতত ফুটবলবিহীন সময়টাতে নিজের অঞ্চলের শিশুদের ফুটবলে উজ্জীবিত করছেন রোনালদিনহো। মন্ত্রটা তো চেনাই, ফুটবল উপভোগ করো। নিজের জীবনের গল্প তুলে ধরে শিশুদের রোনালদিনহো বলছেন, ‘আমি ফাভেলা (বস্তি) থেকে উঠে এসেছি। খেলাধুলা, বিশেষ করে ফুটবল, আমার জীবন বাঁচিয়েছে।’ মার্কা।