মেসির পাশে সতীর্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটাই যেন এখন নিয়ম হয়ে গেছে। একটা করে টুর্নামেন্ট থেকে ব্যর্থ হয়ে ফিরবে আর্জেন্টিনা, আর সমালোচনার সব তির ছুটে যাবে লিওনেল মেসির দিকে। ক্লাব ফুটবলে যাঁর অবিশ্বাস্য সব অর্জন, তিনিই সমালোচনায় ক্ষতবিক্ষত হবেন দেশকে কিছু জেতাতে না পারায়! কিন্তু আসলেই সমালোচনার সবটুকু মেসির প্রাপ্য? দায়টা কি তাঁর একারই?
কোপা আমেরিকায় আবারও ব্যর্থতার পর মুষড়ে পড়েছেন মেসি নিজেও। কিন্তু তাতেও রেহাই মিলছে কোথায়! একের পর এক সমালোচনায় যখন আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্ষতবিক্ষত হচ্ছেন, হতাশা ভোলাতে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরই ক্লাব ও জাতীয় দলের সতীর্থরা। আর্জেন্টিনার হয়ে কিছু জেতা হোক না হোক, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ নেই তাঁর বার্সেলোনা সতীর্থ নেইমারের। তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন বার্সেলোনার ‘এমএনএস’ ত্রয়ীর অন্যজন, উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজও। কোনো টুর্নামেন্টে একটা দল ব্যর্থ হওয়ার পর আলাদা করে একজন খেলোয়াড়কে কাঠগড়ায় দাঁড় করানোটাকেও অন্যায় বলে মনে করেন সুয়ারেজ, ‘বিশ্বকাপে উরুগুয়ের ব্যর্থতার জন্যও সবাই আমার ভুলটাকেই দায়ী করেছিল। অথচ দলে আরও ২২ জন খেলোয়াড় ছিল। মেসির ক্ষেত্রেও সেটাই হচ্ছে। কোপার ফাইনালে আর্জেন্টিনার হারের জন্য তাকে একা দোষারোপ করা হচ্ছে।’
শুধু সুয়ারেজ নন কঠিন সময়ে লিওনেল মেসির পাশে এসে দাঁড়াচ্ছেন তাঁর জাতীয় দলের সতীর্থ লুকাস বিলিয়াও, ‘আমাদের তো মেসিকে ধন্যবাদ জানানো উচিত। যে দেশটা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে ওই দেশের হয়েই খেলে যাচ্ছে।’ মেসি কিছুদিনের জন্য আর্জেন্টিনা জাতীয় দল থেকে যদি বিশ্রাম নিতে চান, সেই সিদ্ধান্তকে সতীর্থরা সমর্থন করবেন বলেই জানিয়েছেন সিরি ‘আ’র লাৎসিওতে খেলা এই মিডফিল্ডার। মার্কা, গোলডটকম।