মেসির পেনাল্টি নষ্ট, রিয়ালের পয়েন্ট

এদিকে সান মেমেস, ওদিকে এল মলিনন। প্রায় ২৫০ কিলোমিটার দূরের দুটি মাঠে পরশু রাতের ম্যাচ দুটি হলো দুই ঘণ্টা আগে-পরে। সময় আর দূরত্বের এই ব্যবধানের পরও দুটি ম্যাচের শুরুতে একটু মিলও থাকল। সেই মিলটা হতাশায়! এদিকে লিওনেল মেসি পেনাল্টি নষ্ট করলেন, ওদিকে প্রতিপক্ষের গোলমুখই খুঁজে পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা।
মেসির ভুলের মূল্য দিতে হয়নি বার্সেলোনাকে, সতীর্থ লুইস সুয়ারেজ পরে গোল করে সেটা পুষিয়ে দিয়েছেন। সান মেমেসে বার্সা অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ওই ১ গোলেই। কিন্তু রোনালদো-বেলদের ব্যর্থতার মূল্য রিয়াল মাদ্রিদকে দিতে হলো স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়ে।
সান মেমেসেই দিন দশেক আগে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বিলবাও ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ১-১ ড্র করে ভেঙে দিয়েছে স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বপ্নও। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেই সেই বিলবাও, প্রতিশোধ নেওয়ার সুযোগই পেয়েছিল বার্সা। ১-০ গোলের জয়টাকে ৪-০ গোলে হারের বদলা বলা যায় কি না, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। তার ওপর জয়ের পথে চোটের কারণে বার্সেলোনা হারিয়েছে সার্জিও বুসকেটস ও দানি আলভেজকে। দুজনই বার্সেলোনার হয়ে পরের ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে। প্রতিশোধ যদি হয়েও থাকে, তার জন্য চড়া মূল্যই দিতে হলো বার্সেলোনাকে!
সব ছাপিয়ে অবশ্য এ ম্যাচে মেসির পেনাল্টি নষ্ট করাটাই বড় আলোচনার বিষয় হয়ে গেছে। গত এক বছরে ক্লাব ও দেশের হয়ে ১০টি পেনাল্টি নিয়ে ৫টিই নষ্ট করেছেন মেসি। বার্সেলোনার হয়ে এ পর্যন্ত ৬৩টি পেনাল্টি নিয়ে ব্যর্থ হয়েছেন ১৪ বার! আলোচনা হওয়ার মতো বৈকি!
এল মলিননে রিয়ালকে আটকে দেওয়ার মূল কৃতিত্বটা পাবেন স্পোর্টিং গিজন গোলরক্ষক ইভান কুয়েলার। রোনালদো-বেল-হামেস রদ্রিগেজরা গিজনের গোলপোস্টে ২৭টি শট নিয়েছেন। কয়েকটা শট তো দুর্দান্তভাবে ফিরিয়েছেন কুয়েলার। রিয়ালের হয়ে নিজের অভিষেক ম্যাচে পরীক্ষা-নিরীক্ষাও কম করেননি রাফায়েল বেনিতেজ। উইংয়ের বদলে গ্যারেথ বেলকে মাঝে রেখে শুরু করেছিলেন, তাঁর দুই পাশে রোনালদো ও ইসকো। এই তিনজনের সামনে একমাত্র স্ট্রাইকার হেসে। এতে কাজ না হওয়ায় আবার উইংয়ে ফিরিয়েছেন বেলকে। কিন্তু শেষ পর্যন্ত তিন মৌসুম পর লা লিগায় ফেরা দলটার বিপক্ষে গোল অধরাই রয়ে গেছে রিয়ালের কাছে। হতাশ বেনিতেজ কারণও খুঁজে পেয়েছেন, ‘আমরা শেষ পাসটা দিতে পারিনি। আক্রমণ সফলভাবে শেষ করতে ব্যর্থ হয়েছি।’
ফলাফল, ১১ বছর পর লা লিগায় বেনিতেজের প্রত্যাবর্তন হলো ড্র দিয়ে। এই জায়গাটায় হোসে মরিনহোর সঙ্গে মিলে গেল তাঁর। ২০১০ সালে রিয়াল কোচ হিসেবে মরিনহোরও লিগ অভিষেক হয়েছিল মায়োর্কার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে। মরিনহোর পরে ২০১৩ সালে কার্লো আনচেলত্তির শুরুটা অবশ্য হয়েছিল রিয়াল বেটিসের সঙ্গে ২-১ গোলের জয় দিয়ে। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স।