
ইউরোপিয়ান ফুটবল লিগগুলো শেষের পথে। বায়ার্ন মিউনিখ তো এরই মধ্যে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে। অন্য লিগগুলোর শিরোপা কোন দল জিততে পারে, সেই ধারণাও পাওয়া যাচ্ছে। ইউরোপীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শুর দৌড়ে এগিয়ে আছেন কে—সেটা নিয়েও কিন্তু আগ্রহের কমতি নেই।
এমনিতে প্রতিবারই এই সোনার জুতোর জন্য লড়াইটা হয় খুব চেনা ও বিখ্যাত কয়েকজনের মধ্যে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ। সর্বশেষ আট মৌসুমে এই তিনজনই ঘুরেফিরে জিতেছেন পুরস্কারটা। এবার যাঁরা একটু-আধটু খোঁজখবর রেখেছেন ইউরোপিয়ান ফুটবলের, তাঁরা এই তিনজনের সঙ্গে যোগ করতে পারেন নেইমার, রবার্ট লেভানডফস্কি, পিয়েরে-এমেরিক অবামেয়াং, এডিনসন কাভানির নামও। দারুণ খেলছেন তাঁরা সবাই। তবে এগিয়ে শেষ পর্যন্ত লিওনেল মেসিই। তাহলে আর চমক কোথায়!
আছে। চমক মেসির পরের নামটায়। রোনালদো-সুয়ারেজ-নেইমার বা লেভানডফস্কি নন, গোল্ডেন শুর দৌড়ে এই মুহূর্তে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের (স্পোর্টিং লিসবন) ডাচ্ স্ট্রাইকার বাস দস্ত!
গত রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটির আগ পর্যন্ত এ মৌসুমে লা লিগায় ৩১ ম্যাচ খেলে মেসি করেছেন ৩৩ গোল। আর ২৮ ম্যাচ খেলে ৩১ গোল দস্তের। উয়েফায় পর্তুগিজ লিগের রেটিং ফ্যাক্টর ২, তাই দস্তের মোট পয়েন্ট ৬২। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসি। ৩০ ম্যাচে ২৮ গোল করে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লেভানডফস্কি। অন্যদিকে ৩১ ম্যাচে ৩১ গোল পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানির। কিন্তু উয়েফায় ফরাসি লিগের রেটিং ফ্যাক্টর যেহেতু ১.৫, কাভানির পয়েন্ট ৪৬।
নামীদামি অনেক তারকাকে পেছনে ফেলে দস্তের এভাবে ইউরোপিয়ান গোল্ডেন শুর লড়াইয়ে চলে আসাটা আসলেই চমকে দিয়েছে অনেককে। মৌসুমের শুরুতে ভলফসবুর্গ থেকে স্পোর্টিং লিসবনে যোগ দেওয়া এ স্ট্রাইকারকে নিয়ে মুগ্ধ তাঁর কোচ হোর্হে জেসুস, ‘ওর মধ্যে একজন চ্যাম্পিয়নের মানসিকতা আছে, যেটা ওকে বাকিদের চেয়ে আলাদা করে দেয়। স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ হিসেবে আমি এমন একজনকেই চাইছিলাম।’
ভিয়ারিয়ালের ম্যাচটিসহ লা লিগায় মেসি আর তিনটি ম্যাচ পাবেন। পর্তুগিজ লিগে দস্তের দল স্পোর্টিং সিপির বাকি আরও তিনটি ম্যাচ। মেসিকে ধরার সুযোগও তাই পাচ্ছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। সেই সুযোগটা নিতে মুখিয়ে আছেন দস্তও, ‘আমি মেসিকে পেছনে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমার কাজই হচ্ছে যত বেশি পারা যায় গোল করে দলকে সাহায্য করা।’ গোলডটকম।
লিওনেলমেসি
বার্সেলোনা লা লিগা
ম্যাচ ৩১, গোল ৩৩, পয়েন্ট ৬৬
বাসদস্ত
স্পোর্টিং লিসবন পর্তুগিজ লিগ
ম্যাচ ২৮, গোল ৩১, পয়েন্ট ৬২
রবার্টলেভানডফস্কি
বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা
ম্যাচ ৩০, গোল ২৮, পয়েন্ট ৫৬
পিয়েরে-এমেরিকঅবামেয়াং
বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগা
ম্যাচ ২৯, গোল ২৭, পয়েন্ট ৫৪
আন্দ্রেয়াবেলোত্তি
তুরিনোসিরি ‘আ’
ম্যাচ ৩১, গোল ২৫, পয়েন্ট ৫০
* গত রাতে ইউরোপিয়ান লিগে ম্যাচগুলোর আগ পর্যন্ত