মেসির ফেরার ম্যাচে রামোসের ইতিহাস

অবশেষে করোনাকে পাশ কাটিয়ে মেসির মাঠে ফেরার ম্যাচে গোল পেয়েছেন রামোসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের ছুটি কাটাতে গিয়ে এমন হ্যাপা পোহাতে হবে, লিওনেল মেসি যদি তা আগে থেকে ঘুণাক্ষরেও টের পেতেন!

পরিবার নিয়ে দেশে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন পিএসজির ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। কয়েকটা পার্টিতেও দেখা গেছে হাসিখুশি মেসি-আন্তোনেল্লা জুটিকে। করোনার সেটা সহ্য হবে কেন! ঠিকই আক্রমণ করে বসল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে। যার জের ধরে ৩১ দিন মাঠের বাইরে থাকতে হলো তাঁকে।

মেসির ফেরার রাতে বড় জয়ই পেল পিএসজি
ছবি: রয়টার্স

অবশেষে গতকাল পিএসজির জার্সিতে আবার মাঠে ফিরেছেন মেসি। নিজেদের মাঠে রেঁসের বিপক্ষে লিগের ম্যাচটিতে গত রাতে মূল একাদশে না থাকলেও পরে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসির ফিরে আসার ম্যাচে পিএসজিও জিতেছে ৪-০ গোলে।

মেসির ফিরে আসার ম্যাচটা স্মরণীয় থাকবে সের্হিও রামোসের জন্যও। এই ম্যাচেই যে নিজের পিএসজি ক্যারিয়ারের প্রথম গোল পেলেন স্প্যানিশ ডিফেন্ডার! রামোস ছাড়াও গোল পেয়েছেন দুই মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও দানিলো পেরেইরা। বাকি গোলটা রেঁসের বেলজিয়ান ডিফেন্ডার উট ফায়েসের আত্মঘাতী।

কেহেরেরের সঙ্গে রামোসের গোল উদ্‌যাপন
ছবি: রয়টার্স

শুরু থেকে অবশ্য সেভাবে দাপট দেখাতে পারেনি পিএসজি। তবে আস্তে আস্তে প্যারিসিয়ানদের শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় রেঁসকে। ৪৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির শট রেঁসের এক ডিফেন্ডার আটকে দিলে বল চলে যায় ভেরাত্তির কাছে। সেখান থেকে বাঁ পায়ের জোরাল শটে দলকে এগিয়ে দেন ইতালিয়ান মিডফিল্ডার।

৬২ মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার থেকে আসা বলে দানিলো পেরেইরা হেড করলেও সেটি ফিরিয়ে দেন রেঁসের সার্বিয়ান গোলকিপার পেদ্রাগ রায়কোভিচ। সেখান থেকে বল যায় রামোসের কাছে। জটলা থেকে পিএসজি ক্যারিয়ারের প্রথম লিগ গোলটা পেয়ে যান রামোস। এই গোলের পরই বদলি নামেন মেসি, দি মারিয়ার বদলি হিসেবে।

পিএসজির প্রথম গোলটা পেয়েছেন ভেরাত্তি (৬ নম্বর জার্সি)
ছবি: রয়টার্স

পাঁচ মিনিট পরেই মেসির কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে দারুণ বাঁকানো শট নেন ভেরাত্তি। গোল হয়, তবে সে গোল ভেরাত্তির নয়।

ইতালিয়ান মিডফিল্ডারের শট রেঁসের বেলজিয়ান ডিফেন্ডার উট ফায়েসের গায়ে লেগে দিক না বদলালে গোল হতো কি না, কে জানে!

৭৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ছুটে এসে দারুণভাবে বক্সে বল বাড়ান এমবাপ্পে। মেসি কিংবা ইকার্দি নয়, সে বলটা যায় দানিলোর পায়ে। সেখান থেকে দলের চতুর্থ গোল করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

এই জয়ে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নিস।