মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্ত ভালো ছিল না

মেসি বার্সেলোনা ছাড়লে ক্ষতিগ্রস্ত হতো তাঁর ব্র্যান্ড?ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। আবারও থেকেও গেছেন। মেসি-বার্সা সম্পর্কের বরফ আপাতত গলেছে। তাই বলে এ নিয়ে আলোচনা এখনো থামেনি। মেসির বার্সার ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিল কি না—তা নিয়ে চলছে মন্তব্য ও বিশ্লেষণ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিছুদিন আগে বলেছেন, মেসির বার্সায় থেকে যাওয়াটা ‘ইতিবাচক’ সিদ্ধান্ত। এবার লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বললেন, এই মৌসুমে মেসি স্পেন ছাড়লে তাঁর ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হতো।

সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেছেন তেবাস। করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় অর্থনৈতিক সমস্যার প্রেক্ষিতে ফুটবল আবারও থেমে যেতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। তবে মেসিকে নিয়ে তেবাসের পর্যবেক্ষণ, গত মৌসুম শেষে আর্জেন্টাইন তারকার বার্সা ছাড়ার সিদ্ধান্তটা মোটেও ভালো ছিল না। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানান মেসি। তখন অনেক জল ঘোলা হয়েছে। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বেঁকে বসে তাঁকে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের কথা স্মরণ করিয়ে দেন। এরপর মেসি সিদ্ধান্ত পাল্টান, থেকে যান বার্সায়।

শেষ পর্যন্ত বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
ছবি: রয়টার্স

তেবাস মনে করেন, মেসির এই থেকে যাওয়া বার্সা, লা লিগা এমনকি তাঁর নিজের জন্যও ভালো হয়েছে, ‘সব সময় বলে এসেছি, আমি মেসিকে লা লিগায় দেখতে চাই। সে বার্সেলোনায় থাকলে তা বার্সেলোনার জন্যই ভালো। মেসি এবং বার্সেলোনার বন্ধন ক্লাবটির জন্য ভালো, মেসি এবং লা লিগার জন্যও ভালো। তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা ভালো হতো কি না তা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, খেলোয়াড় হিসেবে হয়তো হতো, কিন্তু মেসি ফুটবল-বাণিজ্যের অংশ হিসেবে ভালো হতো না। কারণ মেসি একটা যন্ত্রের মতো, যে তার চারপাশে বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি করে থাকে। জানি না, এটা (বার্সা ছেড়ে যাওয়া) তার পক্ষে কতটুকু ভালো হতো।’

লা লিগার বিপণন ও বাজারজাত করণে মেসির মতো তারকাদের বড় ভূমিকা থাকে। তবে আর্জেন্টাইন তারকা তখন চলে গেলেও লা লিগায় তেমন প্রভাব পড়ত না বলে মনে করেন তেবাস, ‘মেসি তো থাকছে। তবে আমাকে বলতেই হবে, লা লিগার চার বছরের টিভি স্বত্ব আমরা বিশ্বব্যাপী বিক্রি করেছি, এর মধ্যে মেসির চলে যাওয়ার প্রসঙ্গ তুলে চুক্তি বাতিলের কথা কেউ বলেনি, কেউ না।’

করোনার জন্য গত মৌসুমে লা লিগার খেলা মার্চে স্থগিত হয়ে পুনরায় শুরু হয়েছিল দর্শকহীন মাঠে। নতুন মৌসুম এরই মধ্যে শুরু হলেও স্পেন ও ইউরোপজুড়েই করোনার দ্বিত ধীরে ধীরে সঙিন হচ্ছে। লা লিগা সভাপতি এ নিয়ে বলেন, ‘আমরা পত্রপত্রিকায় পড়ছি অর্থনৈতিক কার্যক্রম আরও একবার থামিয়ে দেওয়া যাবে না। অর্থনৈতিক লক্ষ্য ও স্বাস্থ্যগত সুরক্ষার মধ্যে ভারসাম্য আনতে হবে। সেটা সম্ভব না হলে স্বাস্থ্যগত দুশ্চিন্তা অর্থনৈতিক বিপর্যয়ে গিয়ে ঠেকতে পারে—যেটা বিপজ্জনক।’