মেসির বিরুদ্ধে 'ষড়যন্ত্র' দেখছে বার্সা

ঠিক ষড়যন্ত্র শব্দটা বার্সেলোনা উচ্চারণ করেনি। তাতে যে আদালত অবমাননা হয়। তবে লিওনেল মেসির কর ফাঁকি মামলার সর্বশেষ অবস্থা নিয়ে কাতালান ক্লাবটি গভীর বিস্ময় প্রকাশ করে যা বলেছে, তার সারমর্ম একটাই—ক্লাব ও এর খেলোয়াড়দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
স্পেনের প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) অফিস বলছে, মেসির দায় নেই। তাঁকে অব্যাহতি দেওয়া হোক। মেসি যখন মুক্তি পেতে যাচ্ছিলেন, সেই সময় বেঁকে বসলেন রাজ্য অ্যাটর্নি । তিনি আবার মেসিকে অব্যাহতি দেওয়ার বিপক্ষে। দুটোই সরকারি পক্ষ। সরকারের তরফ থেকে চলা এই মামলার গুরুত্বপূর্ণ দুই অংশ। অথচ দুই পক্ষের অবস্থান একেবারে বিপরীতে!
মেসিকে অব্যাহতি না দিয়ে তাঁর বিরুদ্ধেও মামলা চালানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর গতকাল এই নির্দেশনার পর বার্সেলোনা বলেছে, ‘প্রসিকিউটর অফিস গত ২৫ সেপ্টেম্বর সিদ্ধান্ত নিয়েছিল তারা মেসির বিরুদ্ধে অভিযোগ আনবে না। কিন্তু রাজ্য অ্যাটর্নি একেবারে বিপরীত অবস্থান নিলেন। এই দুই পক্ষের ভিন্ন দুই অবস্থানে বার্সা ভীষণভাবে বিস্মিত।’
ক্লাব তাঁর সর্বশক্তি নিয়ে মেসির পাশে থাকবে বলেও জানানো হয়েছে, ‘এ ধরনের অভূতপূর্ব পরিস্থিতিতে ক্লাব মেসি ও তাঁর পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা জানাচ্ছে। বিচার চলার সময় মেসির যে আইনি, অর্থনৈতিক ও প্রশাসনিক সাহায্য লাগবে, তার পুরোটাই ক্লাব দেবে।’
এর পরই বিচার প্রক্রিয়া নিয়ে বার্সা তুলেছে প্রশ্ন। বাইরের কেউ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে অভিযোগ বার্সার। কাতালান রাজ্যের স্বাধীনতা, ক্ষমতার কেন্দ্রে থাকা মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দিন ধরে চলে আসা বিরোধের প্রশ্নগুলোও উঠে আসছে। বার্সার অভিযোগ, ‘তারা ক্লাবের সুনাম, স্থিতিশীলতা এবং এই ক্লাবে খেলা খেলোয়াড়দের ক্ষতি করতে চায়। ক্লাব আগের চেয়ে আরও দৃঢ়ভাবে নিজের অধিকার রক্ষায় লড়াই করে যাবে এবং সামনে যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলা করবে।’