মেসির বিষয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলবেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক শিষ্যর জন্য লড়বেন ম্যারাডোনা। ছবি: রয়টার্স
সাবেক শিষ্যর জন্য লড়বেন ম্যারাডোনা। ছবি: রয়টার্স

ডিয়েগো ম্যারাডোনার বিশ্বাসই হচ্ছে না। যিনি কাউকে কড়া ভাষায় ধমকই দিতে পারে না, সেই লিওনেল মেসি রেফারিকে গালি দিয়েছেন; এটা মেনে নেওয়া আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচের জন্য বেশ কঠিন। বিষয়টি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলবেন ম্যারাডোনা। সাবেক শিষ্যর চার ম্যাচের নিষেধাজ্ঞা যতটা কমানো যায় সেই চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

ফিফা-ম্যারাডোনা সম্পর্কটা আগের মতো শীতল আর নেই। জিয়ান্নি ইনফান্তিনো সভাপতি হওয়ার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় যাতায়াত শুরু হয়েছে আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতানো অধিনায়কের। ফিফার দূতিয়ালিও করছেন এখন। মেসির বিষয়টি নিয়ে ফিফা-কর্তার সঙ্গে কথা বলা তাঁর জন্য এখন সহজ বিষয়।
২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা। মেসিকে খুব কাছ থেকে দেখেছেন। ২৯ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়কের আচরণ সম্পর্কে খুব ভালোই জানা আছে তাঁর। আর এটা জানেন বলেই মেসির রেফারিকে গালি দেওয়ার বিষয়টি বিশ্বাস হচ্ছে না ম্যারাডোনার, ‘এটা আমাকে বিস্মিত করেছে। ও তো কারও বিরুদ্ধে কোনো অভিযোগও করে না। ও এটা করতে পারে কিনা তা বুঝতে হলে আপনাকে ওর সঙ্গে ড্রেসিংরুম আর অনুশীলনে থাকতে হবে।’
তবে শেষ পর্যন্ত মেসি তো মানুষই। আর ভুল মানুষ করেই ফেলতে পারে। তাই বলে এত কঠিন শাস্তি! চার ম্যাচের নিষেধাজ্ঞা দিতে হবে মেসিকে! এটা মেনে নিতে পারছেন না ম্যারাডোনা, ‘গালিটা খুব কটু হলেও নিষেধাজ্ঞা কমানো যেতে পারে বলে আমি মনে করি। আমি ইনফান্তিনোর সঙ্গে কথা বলব। চার ম্যাচ নিষেধাজ্ঞাটা বাড়াবাড়িই।’
২৩ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে মেসিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মেসি অবশ্য অভিযোগটি অস্বীকার করে বলেছেন, রেফারিকে উদ্দেশ করে নয়, গালি তিনি দিয়েছিলেন বাতাসে। নিষেধাজ্ঞার কারণে বলিভিয়ার বিপক্ষে গত ম্যাচে মেসি ছিলেন না। থাকতে পারবেন না আর্জেন্টিনার বাছাইপর্বের শেষ চারটি ম্যাচের তিনটিতে। আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে।
মেসির নিষেধাজ্ঞার পরপরই বাতাসে একটি গুঞ্জন ভাসছিল যে এতে হাত আছে ম্যারাডোনারও। এটা উড়িয়ে দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার, ‘নিষেধাজ্ঞার শুরু কনমেবল থেকে। আমি এর তদন্ত করেছি। কিন্তু কোনো প্রভাব রাখিনি।’ সূত্র: মার্কা।