মেসির ব্যর্থতার দাম ২৭ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কারও সর্বনাশ তো কারও পৌষ মাস! কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। পরে শিরোপা হাতছাড়া হওয়ার দুঃখে​ তো জাতীয় দল থেকে অবসরই নিয়ে ফেললেন। কিন্তু তা নিয়ে ভাবতে বয়েই গেছে পেদ্রো ভাসকেজের। তিনি যে মেসির ব্যর্থতাকে কাজে লাগিয়ে স্বপ্ন দেখছেন বড় অঙ্কের অর্থপ্রাপ্তির।

সেদিন দলের প্রথম পেনাল্টি নিতে এসে বল গ্যালারিতে পাঠিয়ে দিয়েছিলেন মেসি। আর সে বল গিয়েছিল ভাসকেজের হাতে। মেসি যদি অবসরের সিদ্ধান্তে অটল থাকেন, তবে এটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির পা ছুঁয়ে আসা শেষ বল। আর সঙ্গে কোপা আমেরিকা ফাইনালে মেসির পেনাল্টি মিসের স্মৃতি তো আছেই। সব মিলিয়ে অমূল্য এক স্মারকই পেয়ে গেলেন এই চিলিয়ান সমর্থক।
ভাসকেজ নিজেও তা জানেন। কিন্তু এর বাজারমূল্যের দিকেও তো দৃষ্টি দিতে হচ্ছে তাঁকে, ‘বলটি পেয়ে ভালো লাগছে। তবে আমি বিক্রি করে দিতে পারি, এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। এভাবে দাম বাড়তে থাকলে বিক্রি করে দেব।’
তা বিক্রি করতেই পারেন ভাসকেজ। ধারণা করা হচ্ছে, বলটি বিক্রি ২৭ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা) পাওয়া যাবে। অদূর ভবিষ্যতে হয়তো এর মূল্য আরও বৃদ্ধি পাবে। আর এখানেই ভাসকেজের মূল ভয়, ‘সত্য হলো, বলটির দাম আরও বাড়লে আমার বাড়িতে এটা রাখা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’
কী মনে হয়, শেষ পর্যন্ত মেসির স্মৃতিজড়ানো এই অমূল্য বল হাতছাড়া করবেন ভাসকেজ? সূত্র: মার্কা।