মেসির ভাবনা 'এল ক্লাসিকো', 'রেকর্ড' নয়

এমন উক্তি মানায় লিওনেল মেসির মুখেই। আর একটি গোল যেখানে তাঁকে লা লিগায় সর্বকালের সেরা গোলদাতার আসনে বসিয়ে দিচ্ছে, সেখানে তিনি তা নিয়ে এই মুহূর্তে ভাবছেনই না। তাঁর চিন্তার জগৎজুড়ে কেবল একটাই ভাবনা, ‘এল ক্লাসিকো’। আর্জেন্টাইন এই তারকার মতে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা জয়, লা লিগার সর্বকালের সেরা গোলদাতা হওয়ার চেয়েও অনেক বেশি তৃপ্তির। আসন্ন এল ক্লাসিকো তাঁকে তাতিয়ে দিচ্ছে আরও একটা কারণে। খেলাটা যে হচ্ছে ‘চিরশত্রু’র ডেরাতেই। সান্তিয়াগো বার্নাব্যুর আঙিনায় রিয়ালের বিপক্ষে একটা জয় বার্সা সমর্থকদের কতটা আনন্দিত করবে—এটা ভেবেই শিহরিত মেসি।
আগামী শনিবার ম্যাচ। আর এখনই ম্যাচটা নিয়ে ভেবে রাত কাবার করছেন মেসি! মঙ্গলবার আয়াক্সের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেকর্ড নিয়ে কোনো কথাই বলতে চাইলেন না তিনি। অথচ আর একটি গোল হলেই লা লিগায় সর্বকালের সেরা গোলদাতা হিসেবে তেলমো জারার পাশে বসে যাবেন তিনি, ‘রেকর্ড আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকো এবং তাতে ভালো খেলা ও জেতা।’
এল ক্লাসিকোকে গুরুত্ব দিলেও মেসি মনে করেন না এই ম্যাচে জয় না পেলে সবকিছু শেষ হয়ে যাবে, ‘না, তা হবে কেন? এবারের প্রথম এল ক্লাসিকোটা বেশ তাড়াতাড়িই চলে এসেছে। লা লিগায় এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। তবে এই ম্যাচে জয়-পরাজয় ক্লাবের মর্যাদার জন্য খুব গুরুত্বপূর্ণ।’
কোচ লুইস এনরিকে এল ক্লাসিকোকে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা বোঝা গেল কাল যখন আয়াক্সের বিপক্ষে মেসি, নেইমার ও ইনিয়েস্তাকে তুলে নিলেন খেলার কিছু অংশ বাকি থাকতেই। মাঠ থেকে তুলে নেওয়া নিয়েই নাকি এইবারের বিপক্ষে ম্যাচে কোচের সঙ্গে একদফা মনোমালিন্য হয়ে গেছে মেসির। সাংবাদিকেরা কথাটা তুলতেই মেসি যেন কিছুটা বিব্রত, ‘দেখুন, মাঠ থেকে কোন খেলোয়াড় বেরিয়ে যাবে, কে মাঠে ঢুকবে, এটা তো কোচেরই একান্ত সিদ্ধান্ত। এ নিয়ে আমি কথা বলার কে? আপনারা যে প্রসঙ্গটি তুলেছেন, সেটা আমিও শুনেছি। পুরো বিষয়টিই মনগড়া ও কল্পনাপ্রসূত।’
এল ক্লাসিকোয় বার্সার ফরোয়ার্ড লাইনে যুক্ত হতে যাচ্ছেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপে কামড়কাণ্ডের পর নিষেধাজ্ঞা কাটিয়ে সুয়ারেজের প্রথম ম্যাচটাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে! বিষয়টিতে যথেষ্ট শিহরিত মেসি। জানিয়েছেন, সুয়ারেজের অন্তর্ভুক্তি ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়িয়ে দেবে বহুগুণ, ‘আমরা সত্যিই সুয়ারেজের জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। সে হবে দলের বিরাট এক শক্তি।’
এই ফাঁকে সুয়ারেজের প্রশংসাও একটু করে নিয়েছেন মেসি, ‘আমি জানি, মাঠে নামতে না পেরে সে কী ভীষণ কষ্টে আছে। সে দারুণ একজন স্ট্রাইকার। অসম্ভব প্রতিভাবান একজন গোলস্কোরার।’ সূত্র: এএফপি।