মেসির ভিডিও দেখে দুর্দান্ত গোল গ্রিলিশের
লিওনেল মেসির প্রতি জ্যাক গ্রিলিশের মুগ্ধতা নতুন কিছু নয়। ম্যানচেস্টার সিটি উইঙ্গার ২০১৪ সালের এই মার্চেই টুইট করেছিলেন, ‘শেষ পর্যন্ত স্বীকার করছি, মেসি সর্বকালের সেরা ফুটবলার।’
মুগ্ধতার মাত্রা এমন হলে খেলায়ও তার প্রভাব পড়াই স্বাভাবিক। কাল এফএ কাপের পঞ্চম রাউন্ডে পিটারবরোর বিপক্ষে গোল করার পর সে কথাই স্বীকার করলেন ইংল্যান্ড তারকা।
ইংলিশ ফুটবলে দ্বিতীয় বিভাগের দল পিটারবরোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতে অধিনায়ক হিসেবে ব্রাজিলের মিডফিল্ডার ফার্নান্দিনহোর নাম ঘোষণা করেছিল সিটি।
মাঠে নেমে ইউক্রেনের ডিফেন্ডার ওলেক্সান্দার জিনচেঙ্কোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন ফার্নান্দিনহো। রাশিয়ার আক্রমণের প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ থেকে জিনচেঙ্কোকে অধিনায়ক বানানো হয়। কিকঅফের আগে ইউক্রেনের পতাকা নিয়েও পাশাপাশি দাঁড়ান দুই দলের অধিনায়ক। এ সময় মাঠের বড় পর্দায় ভেসে ওঠে ‘আমরা ইউক্রেনের পাশেই আছি’ লেখা।
খেলা শুরুর পর চাপে ভুগেছে সিটি। প্রথমার্ধে তেমন ভালো খেলতে পারেনি পেপ গার্দিওলার দল। ৬০ মিনিটে রিয়াদ মাহরেজ গোল করে এগিয়ে দেন সিটিকে। ৬ মিনিট পর ম্যাচের সেরা গোলটি করেন গ্রিলিশ।
মাঝমাঠ থেকে ফিল ফডেনের দূরপাল্লার পাস অসামান্য দক্ষতায় ঠিক পায়ের সামনেই নামান গ্রিলিশ। সামনে একা পড়ে যান পিটারবরো গোলকিপার। আলতো টোকায় গ্রিলিশের করা গোল দেখে মনে হয়েছে, গোল করা এত সহজ!
ম্যাচের আগে সিটির খেলোয়াড়দের বহনকারী বাসে পাশাপাশি বসেছিলেন ফডেন ও গ্রিলিশ। সময় কাটাতে পিএসজি তারকা লিওনেল মেসির খেলার ভিডিও দেখেছেন দুজন।
মাঠে তা কাজে লাগানোর পর গ্রিলিশ আইটিভিকে বলেছেন, ‘মজার বিষয় হলো, ম্যাচটা খেলতে আসার পথে বাসে আমি আর ফডেন পাশাপাশি বসে মেসির খেলার ভিডিও দেখেছি। গোলের পর ফডেন এসে বলল, ভিডিও-তে যেমন দেখেছি একদম তেমনই!’
পঞ্চম রাউন্ডে অন্য ম্যাচে টটেনহামকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ফুটবলে দ্বিতীয় বিভাগের দল মিডলসব্রো। ইতালিয়ান কাপে সেমিফাইনাল প্রথম লেগে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান।