মেসির মধ্যে ম্যারাডোনাকে খুঁজে পান ম্যাথাউসও

কাছ থেকে ডিয়েগো ম্যারাডোনার জাদু দেখেছেন অনেকেই। তবে লোথার ম্যাথাউসের মতো করে দেখেছেন খুব কম জনই। ১৯৮৬ আর ১৯৯০ বিশ্বকাপ তো আছেই, ইন্টার মিলান-নাপোলিতেও তো দুজন ছিলেন প্রবল প্রতিপক্ষ। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সঙ্গে দ্বৈরথের সেই হিরণ্ময় মুহূর্তগুলো ম্যাথাউসের ক্যারিয়ারেরও স্মরণীয় স্মৃতি। যে স্মৃতি তাঁকে একসময়ের প্রবল প্রতিপক্ষ থেকে বড় ম্যারাডোনা-ভক্তই বানিয়ে ফেলেছে। যে কারণে এখন ম্যাথাউস নির্দ্বিধায় বলতে পারেন, ম্যারাডোনার চেয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপ খেলতে দেখেননি আর কাউকে। অবশ্য এখন একজনকে দেখলে ম্যাথাউসের ম্যারাডোনার কথাই মনে হয়। কে তিনি? নামটা আন্দাজ করা খুব কঠিন কিছু নয়। লিওনেল মেসির মধ্যেই ম্যারাডোনাকে খুঁজে পান ম্যাথাউসও।
মেসির প্রশংসা করতে গিয়েই ম্যাথাউস টেনে এনেছেন আর্জেন্টাইন কিংবদন্তির প্রসঙ্গ, ‘৩০ বছর আগে ম্যারাডোনা যেমন ছিল, এখন লিওনেল মেসি অনেকটা তা-ই।’
তো কেমন ছিলেন ম্যারাডোনা? সেটা বলতে গিয়েই ম্যাথাউস কিছু স্মৃতিকাতর হয়ে গেলেন, ‘যদি আমাকে ১৯৮৬ বিশ্বকাপ নিয়ে কথা বলতে হয়, আমি শুধু ম্যারাডোনার কথাই বলব। আমার জীবনে আমি আর কোনো খেলোয়াড়কে বিশ্বকাপে এমন দাপটের সঙ্গে খেলতে দেখিনি, যেভাবে ম্যারাডোনা খেলেছে ওই বিশ্বকাপে।’
খুব নতুন কোনো কথা নয়। ১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনাকে নিয়ে এ কথাটা যিনি সামান্যতম ফুটবলজ্ঞান রাখেন, তিনিও বলবেন। তবে কথাটা ম্যাথাউসের মতো প্রতিপক্ষের কাছ থেকে এসেছে বলে এর বাড়তি গুরুত্ব।
১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের পর ১৯৯০ বিশ্বকাপের ফাইনালেও ম্যারাডোনার মার্কার ছিলেন ম্যাথাউস। ’৮৬-তে পারেননি ম্যারাডোনাকে থামাতে, কিন্তু চার বছর পরে ঠিকই পেরেছেন। অধিনায়ক হিসেবে তুলে ধরেছেন ’৯০ বিশ্বকাপের ট্রফিও। ফক্স স্পোর্টসের সঙ্গে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে ম্যাথাউস তাই বারবার টানলেন ম্যারাডোনার কথা।
পার্থক্য শুধু, ম্যারাডোনা বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে, মেসি এখনো পারেননি! গোল ডটকম।