মেসির মৃগয়া-যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বার্সার অনুশীলনে মেসি  l বার্সেলোনা ওয়েবসাইট
কাল বার্সার অনুশীলনে মেসি l বার্সেলোনা ওয়েবসাইট

প্রাচীন যুগে রাজরাজড়াদের ক্ষেত্রে এমন হতো। সৈন্যসামন্ত নিয়ে শিকারে যেতেন রাজা। আজ সেভিয়ার মাঠ সানচেস পিখুয়ানে যাওয়ার সময় লিওনেল মেসিও কি তেমন ‘মৃগয়া-যাত্রা’র মুডে থাকবেন? থাকারই কথা। লিগে আজ বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছে তেমনই মৃগয়াক্ষেত্র।

পরিসংখ্যান তাই বলে। বার্সেলোনার জার্সিতে লিগে মেসির সবচেয়ে প্রিয় শিকার সেভিয়া, আন্দালুসিয়ান ক্লাবটির সঙ্গে ২৫ ম্যাচে এ পর্যন্ত বার্সেলোনা ফরোয়ার্ড গোল করেছেন ২৬টি। লিগে এর চেয়ে বেশি গোল আর কোনো দলের বিপক্ষে নেই বার্সার ‘নাম্বার টেনের’।

মেসি আছেন বলেই হয়তো আজ কিছুটা ভরসা পেতে পারে বার্সা। মেসি মাঠে ছিলেন, অথচ বার্সেলোনা হেরেছে সেভিয়ার কাছে—এমনটা ২০০৭ সালের পর কখনো হয়নি। যদিও গত মৌসুমে এই মাঠে হেরেছিল লুইস এনরিকের দল, তবে সেদিন চোটের কারণে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড ছিলেন মাঠের বাইরে।

এনরিকে নিশ্চিতই চাইবেন, সেভিয়ার বিপক্ষে মেসির রেকর্ড আজও উজ্জ্বল থাকুক। একে তো গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলের পরাজয়ে বার্সা আছে চাপে। তার ওপর এই মৌসুমে ঘরের মাঠে সেভিয়ার রেকর্ডটা যথেষ্ট ভীতি-জাগানিয়া। লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সব ম্যাচেই জিতেছে হোর্হে সাম্পাওলির দল, গোল করেছে ১৭টি, খেয়েছে মাত্র ৬টি। দুর্দান্ত পাসিং ফুটবল, বল ছাড়া বাঘের ক্ষিপ্রতায় প্রেসিং—সব মিলিয়ে সেভিয়াকে বলা হচ্ছে ‘পেপ গার্দিওলার ২০০৯ সালের বার্সেলোনা’।

নিজেদের ওপরও এমনই আত্মবিশ্বাস জন্মেছে সেভিয়ার, লিগে ২১ পয়েন্ট নিয়ে চারে থাকা (বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে) ক্লাবটির সভাপতি ঘোষণাই দিয়ে রেখেছেন, ‘বার্সার দুর্দান্ত একটা দল থাকতে পারে, তবে রোববার রাতে ওরা এখানে যখন আসবে, ভুগতে হবে ওদের।’ যদিও এই মৌসুমে নিজেদের মাঠে সেভিয়াকে হারানোর একমাত্র কীর্তিও বার্সারই (স্প্যানিশ সুপার কাপ, ২-০)।

মেসির কীর্তি তো বলা হলো। মজার ব্যাপার, ক্রিস্টিয়ানো রোনালদোরও লিগে সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ এই সেভিয়া (২১ গোল)। আজ মাঠে নামছেন তিনিও, ঘরের মাঠে লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (২৪ পয়েন্ট) প্রতিপক্ষ লেগানেস। তবে আজ কোন রোনালদো দেখা দেন, সেটি নিয়েই রিয়াল কোচ জিনেদিন জিদানের কপালে ভাঁজ পড়তে পারে? গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে হ্যাটট্রিক করা রোনালদো, নাকি চ্যাম্পিয়নস লিগের অচেনা রোনালদো? সূত্র: মার্কা।