মেসির মোচড়ে কোমরব্যথা হলেও রোনালদোকে দেখে নিতে চান তিনি
লিওনেল মেসির এক মোচড়েই কোমরে ব্যথা হয়েছিল গিডিওন মেনশাহর। এই ঘানা ডিফেন্ডার এখন ক্রিস্টিয়ানো রোনালদোর অপেক্ষায়। যেহেতু মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে, রোনালদোর বিপক্ষে খেলতেও মুখিয়ে আছেন বোর্দোর এই লেফটব্যাক।
ফরাসি লিগ আঁ-তে মেসির মুখোমুখি হয়েছেন মেনশাহ। ২৩ বছর বয়সী এই ফুটবলার রোনালদোকে নিয়ে কথা বলেছেন কাতার বিশ্বকাপ সামনে রেখে। গত শুক্রবার বিশ্বকাপে দলগুলোর ড্র হয়ে গেল। নভেম্বরে কাতারে বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত কে কার মুখোমুখি হয়ে কেমন লড়াই করতে পারে, এসব নিয়েই আলোচনা হবে বেশি।
কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পর্তুগালের মুখোমুখি হবে ঘানা। দোহায় ২৪ নভেম্বর মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ নিয়ে ঘানার সংবাদমাধ্যম জয় স্পোর্টসে কথা বলেছেন মেনশাহ।
২০১৪ বিশ্বকাপেও এক গ্রুপে পড়েছিল ঘানা ও পর্তুগাল। ৮০ মিনিটে গোল করে পর্তুগালকে জেতান রোনালদো। মেনশাহ নিশ্চয়ই ম্যাচটা দেখেছেন! ২০১৯ সালে জাতীয় দলে অভিষিক্ত এই ফুটবলার নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব প্লে–অফের দুই ম্যাচেই খেলেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড তারকার বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের অপেক্ষার কথা জানালেন মেনশাহ, ‘রোনালদোর মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি। ক্লাব পর্যায়ে কখনো তাঁর মুখোমুখি হইনি। এখন বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে তার মুখোমুখি হতে পারব।’
শুধু মুখোমুখি হওয়ার প্রহর গুনলেই তো হবে না, পর্তুগিজ ফরোয়ার্ডকে ঠেকানোর প্রস্তুতিও তো নিয়ে রাখতে হবে। ৩৭ বছর বয়সেও রোনালদোর ধার এখনো প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য দুশ্চিন্তার কারণ।
মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থাকায় মেনশাহ জানেন, পর্তুগালের বিপক্ষে ম্যাচে তাঁকে কী সামলাতে হবে, ‘আমি জানি নিজের কাজটা করতে হবে, তাঁকে ঠেকাতে হবে। এমনভাবে খেলতে হবে যেন এটা আমারই ম্যাচ।’
এরপরই ফরাসি লিগে মেসির মুখোমুখি হওয়ার উদাহরণ টানলেন মেনশাহ, ‘মেসির মুখোমুখি হওয়াটা কঠিন ছিল, কারণ সে অন্য পর্যায়ের খেলোয়াড়। প্যারিসে সে এক মোচড় মেরে আমার কোমর ব্যথা করে দিয়েছিল। এখন রোনালদো আমার সঙ্গে কী করে সেটা দেখতে চাই। কিংবা আমিও করতে পারি। তাকে যেন প্রচুর দৌড়াতে হয় সেটা আমি নিশ্চিত করব।’
এইচ গ্রুপের বাকি দুই দল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। গত বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। এবার গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ পেলেও ভাবছেন না ঘানা কোচ মাস–উদ দিদি দ্রামানি।
তাঁর মতে ফুটবলে এখন ছোট দল বলে কিছু নেই, ‘আমরা এর চেয়ে সহজ কিছু আশা করিনি। আমরা কঠিন প্রতিপক্ষই আশা করেছিলাম। পরিকল্পনা ও প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। কারণ, ফুটবলে এখন ছোট দল বলে কিছু নেই।’