মেসির রহস্যটা 'দুর্ভাগ্যজনক'

প্রশ্নটা প্রায় সবারই। লিওনেল মেসির মতো একজন ফুটবলার জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জিতবেন না! বড় প্রতিযোগিতায় চারটি ফাইনালে একবারও হাসতে পারবেন না শেষ হাসি! সবে মেসিকে এই জায়গায় ছাড়িয়ে গেলেন তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তিনিও গর্ব করে বলতে পারেন, দেশের হয়ে জিতেছি ইউরোপের সবচেয়ে বড় ফুটবল ট্রফি। অথচ মেসির না-জেতাটা অমীমাংসিত এক রহস্য হয়ে আছে যেন।
আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পূর্বসূরিদের একজন হার্নান ক্রেসপো। তাঁর মতে, মেসির মতো ফুটবলারের জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি না জেতাটা দুর্ভাগ্যজনক, ‘আমি আশা করি, আর্জেন্টিনা একদিন না একদিন ঠিকই জিতবে। তবে এটা বলব না যে এখন মেসির জন্য জিতছে না। মেসি দেশের হয়ে খুবই ভালো খেলেছে। সে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করেছে। সে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। পুরো ব্যাপারটাই দুর্ভাগ্যজনক।’
তবে আর্জেন্টিনার হয়ে ৩৫টি গোল করা ও তিনটি বিশ্বকাপ খেলা এই সাবেক তারকা মনে করেন, আর্জেন্টিনার জন্য এটি কেবল সময়েরই অপেক্ষা। ২৩ বছরের ট্রফি-খরা ঘোচানোর ব্যাপারে তাঁর দেশের জাতীয় দল সঠিক পথেই আছে, ‘আর্জেন্টিনা দলটি খুবই শক্তিশালী দল। আপনারা যদি সর্বশেষ তিনটি বড় প্রতিযোগিতার দিকে চোখ ফেরান (দুটি কোপা আমেরিকা আর বিশ্বকাপ) তাহলে দেখবেন, শক্তিশালী দল বলেই কিন্তু আর্জেন্টিনা এই বড় প্রতিযোগিতাগুলোর ফাইনালে খেলেছে।’
আর্জেন্টিনার ২৩ বছরের ট্রফি-খরাটাই মূল ভাবতে চান ক্রেসপো, ‘মেসি এখানে বড় বিষয় নয়। বড় বিষয় হলো আর্জেন্টিনা ২৩ বছর বড় কোনো প্রতিযোগিতার ট্রফি জেতেনি। হ্যাঁ, এর মধ্যে ২০০৪ ও ২০০৮ সালে আমরা দুবার অলিম্পিক ফুটবলের সোনা জিতেছি। একই সঙ্গে আমরা কিন্তু অনেকগুলো ফাইনালও হেরেছি। তারপরেও আমরা যথেষ্ট ভালো দল।’
ক্রেসপো আশাবাদী আর্জেন্টিনার সাফল্যের ব্যাপারে, ‘এমনটা হতেই পারে। আমার মনে হয়, হয়তো এর পরেরবার আমরাই জিতব।’ সূত্র : মার্কা।