মেসির রাতে হ্যাটট্রিক আর্জেন্টিনার নতুন তারকারও

লিওনেল মেসি যে রাতে হ্যাটট্রিক করে দলকে লিগ শিরোপা জেতালেন, সে রাতেই হ্যাটট্রিক এসেছে আরেক আর্জেন্টাইনের নামের পাশে। তিনি অবশ্য লিগ জেতানোর সমীকরণেই ছিলেন না। তবে তাঁর হ্যাটট্রিক লিগ জেতানোর সমীকরণ অনেক প্রভাবিত করল। জিওভান্নি সিমিওনেতে সওয়ার হয়ে নাপোলিকে ৩-০ গোলে হারিয়েছে ফিওরেন্টিনা। আর হারে নাপোলির জেগে ওঠা শিরোপা স্বপ্নে লাগল বড় ধাক্কা।
ম্যাচের নায়ক যদি সিমিওনে হন, খলনায়ক অবশ্যই কালিদু কুলিবালি। নাপোলির সেনেগালিজ ডিফেন্ডার কুলিবালি সাত দিনের মধ্যেই মুদ্রার দুই পিঠ দেখলেন। এক সপ্তাহ আগে জুভেন্টাসের বিপক্ষে ৯০ মিনিটে তাঁর হেডেই তুরিন থেকে জয় নিয়ে ফেরে নাপোলি। ৩৪ ম্যাচ শেষে লিগের শীর্ষে থাকা জুভদের সঙ্গে পয়েন্টের পার্থক্য ১ হয়ে যায়। উজ্জ্বল হয় নাপোলির শিরোপা-স্বপ্নটাও।
আগের রাতে হারতে হারতে জুভেন্টাস ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে ইন্টার মিলানের মাঠ থেকে। হেরে গেলে নাপোলিই চলে যেত এক নম্বরে। লিগে আর বাকি নেই খুব বেশি ম্যাচ। জুভেন্টাসের নাটকীয় জয়ের পর নাপোলির উচিত ছিল ভালোমতো পিছুতাড়া করা। উল্টো অসহায়ভাবে হেরে গেল পয়েন্ট টেবিলে মাঝমাঝি পড়ে থাকা এক দলের কাছে। হারল আসলে আর্জেন্টিনার নতুন তারকার কাছেই।
২২ বছর বয়সী স্ট্রাইকার সিমিওনের হ্যাটট্রিক আবার দলকে দেখাচ্ছে ইউরোপা লিগ খেলার স্বপ্ন। জিওভান্নি সিমিওনের নামের শেষাংশটা কি কিছু বলছে? এই তরুণ সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ও বর্তমান অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে। বাবা সিমিওনে রিভার প্লেটের কোচ থাকার সময় যুব দলে জায়গা পান ছেলে সিমিওনে। রিভার প্লেটের মূল দলে খেলছেন দুই মৌসুম। মাঝে এক মৌসুম আর্জেন্টিনার আরেক ক্লাব ব্যানফিল্ডে ধারে খেলে ২০১৫ সালে পাড়ি জমান সিরি ‘আ’র দল জেনোয়ায়। লিগে ৩৫ ম্যাচে ১২ গোল করে নজর কাড়েন।
গত মৌসুমে আগ্রহী বড় দলগুলোর মধ্যে বাবার অ্যাটলেটিকো মাদ্রিদও ছিল। তবে শেষমেশ ঠিকানা হয় ফিওরেন্টিনা। বাবা সিমিওনে অ্যাটলেটিকোতে খেলার সময় জন্ম জিওভান্নি সিমিওনের। স্পেন ও আর্জেন্টিনার দ্বৈত নাগরিকত্ব থাকলেও খেলেছেন পিতৃভূমির অনূর্ধ্ব-২০ ও ২৩ দলের হয়ে। নাপোলির বিপক্ষে হ্যাটট্রিকের পর এ মৌসুমে ৩৫ ম্যাচে গোলসংখ্যা ১৩।
সিমিওনের হ্যাটট্রিকে ফিওরেন্টিনার খুশির ভাগীদার কিন্তু জুভেন্টাসও। তিন রাউন্ড বাকি থাকতে নাপোলির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে টানা সপ্তমবারের মতো লিগ জেতার স্বপ্ন দেখছে ‘তুরিনের বুড়ি’রা। পরের রাউন্ডে জুভরা জিতলে আর নাপোলি হারলেই যেটা নিশ্চিত হয়ে যাবে। পরের তিন রাউন্ডে বুফনদের বড় প্রতিপক্ষ রোমা। বাকি দুটি ম্যাচ লিগে ১২ নম্বরে থাকা বোলোনিয়া ও রেলিগেশনের শঙ্কায় থাকা হেলাস ভেরোনা। অন্যদিকে নাপোলির প্রতিপক্ষ তুরিনো, সাম্পদোরিয়া ও ক্রোতনে।
সিমিওনে জুনিয়র কি সিরি ‘আ’র লড়াইটা আরও জমিয়ে দিলেন, নাকি জলই ঢেলে দিলেন? উত্তরটা মিলবে শিগগিরই। তবে আপাতত ইতালির পত্রপত্রিকায় বড় বড় ছবি দেখে নিশ্চয়ই খুশি এই তরুণ!