মেসির শাস্তি কমায় বিস্মিত ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফার শৃঙ্খলা কমিটি। এক ম্যাচ পরেই ফিফার আপিল কমিটি লিওনেল মেসির সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যে সিদ্ধান্তের সমালোচনাও হচ্ছে। চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল তো বলেই দিয়েছেন, নামটা মেসি বলেই ফিফা এমন নমনীয় আচরণ করেছে। প্রায় একই কথা এবার বললেন ম্যারাডোনাও। তাঁর মতে, অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওনা ছিল মেসির!
মেসির বিরুদ্ধে অভিযোগ ছিল সহকারী রেফারিকে কটূক্তির। এ রকম অভিযোগে মেসির শাস্তিটা আরেকটু বেশি হতে পারত বলেই মনে করেন ম্যারাডোনা, ‘এর কোনো মানে হয় না (মেসির শাস্তি কমে যাওয়া)। বুকে হাত রেখে বলছি, আরও একটা ম্যাচের নিষেধাজ্ঞা পাওনা ছিল তার।’
তবে ফিফা কেন মেসির শাস্তি কমিয়েছে, সেটাও আন্দাজ করতে পারছেন ম্যারাডোনা, ‘তারকা খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড়দের ক্ষেত্রে তারা সব সময় এমন করে।’
তাহলে কি মেসির শাস্তি কমায় তিনি খুশি নন? এটার উত্তরও দিয়েছেন ম্যারাডোনা, ‘যাঁরা ওর শাস্তি কমানোর জন্য কাজ করেছেন, সবাইকে অভিনন্দন জানাতে হবে। আমি খুবই খুশি এই সিদ্ধান্তে। মেসির জন্য এবং আমি আর্জেন্টাইন বলেও। এখন আমরা আবার বিশ্বকাপে খেলার কথা ভাবতে পারি।’ ইএসপিএন।