মেসির সঙ্গে খেলার স্বপ্নে আবারও বাধা দিবালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরিনোর বিপক্ষে মাঠে ডিবালা। ছবি রয়টার্স
তুরিনোর বিপক্ষে মাঠে ডিবালা। ছবি রয়টার্স

আপনি একজনকে আদর্শ মানেন, আপনার স্বপ্নের নায়ক। একদিন দেখলেন, সেই মানুষটাই আপনার পাশে, আপনার সহকর্মী। শুধু তা-ই নয়, সেই নায়ক আপনাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত—কী রোমাঞ্চই না হবে! এমনই রোমাঞ্চ হচ্ছে পাওলো দিবালার। আর্জেন্টিনার জুভেন্টাস ফরোয়ার্ডকে বলা হচ্ছে আগামীর বড় তারকা। যাঁকে আদর্শ মানেন সেই মেসিও বলছেন, দিবালার মধ্যে লুকিয়ে আছে অনেক বড় সম্ভাবনা।

খেলার ধররে কারণে দিবালাকে বলা হয় মেসি ও আগুয়েরোর মিশেল। দিবালা অবশ্য আদর্শ মানেন মেসিকেই। জুভেন্টাসে যোগ দেওয়ার পর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই এই তরুণ। তা চোখ এড়ায়নি মেসিরও। জাতীয় দলে দিবালাকে 'যোগ্য উত্তরসূরি' হিসেবেই দেখছেন। আর জাতীয় দলের অধিনায়কের মুখে নিজের স্তুতি শুনে আনন্দিত দিবালা বলছেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের মাঝে আদর্শ খুঁজে পাওয়া এবং তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই দারুণ গর্বের।’
জাতীয় দলে তিনটি ম্যাচ খেলে ফেললেও মেসির সঙ্গে খেলা হয়নি একসঙ্গে। আবার সুযোগ আসতে না আসতে আরও অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাইপর্বে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৪ মার্চ প্রতিপক্ষ চিলি, পাঁচ দিন পর বলিভিয়া। কিন্তু এবার বিপত্তি বাঁধিয়েছে দিবালার ইনজুরি। চোটের কারণে বেশ কদিন মাঠের বাইরে। খেলতে পারেননি বায়ার্নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ম্যাচেও। সেটাতে আবার তার দল হেরেছে ৪-২ গোলে। গত পরশু তুরিনো ম্যাচও পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
কাজেই এ যাত্রায় মেসির সঙ্গে মাঠে নামার স্বপ্ন পূরণ হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না!