মেসির সপ্তম ব্যালন ডি’অর জয় রাঙাতে পারল না পিএসজি

পয়েন্ট ভাগ করায় হতাশ মেসিছবি: রয়টার্স

সপ্তম ব্যালন ডি'অর জয়ের পর লিওনেল মেসির প্রথম ম্যাচ।

পিএসজি সমর্থকদের বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফিটা এ ম্যাচেই দেখালেন আর্জেন্টাইন তারকা। তবে নিসের বিপক্ষে পিএসজি জয় তুলে নিতে পারলে মেসির হাতে ব্যালন ডি'অর ট্রফিটা দেখার স্মৃতি আরও গাঢ় হয়ে থাকত সমর্থকদের মনে।

নিসের বিপক্ষে ঘরের মাঠে এ ম্যাচ শুরুর আগে ছোট এক আনুষ্ঠানিকতা সেরে নেয় পিএসজি। সমর্থকদের সামনে গত বছরের সেরা খেলোয়াড় ও গোলকিপারের ট্রফি উপস্থাপন করা হয়।

পিএসজির মাঠে নিজের ব্যালন ডি’অর ট্রফির সামনে মেসি
ছবি: রয়টার্স

সেরা গোলকিপার অর্থাৎ ইয়াসিন ট্রফি জিতেছেন পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। মাঠে তাঁদের ঘিরে বাজি ফোটানোর উৎসবও সেরে নেয় পিএসজি। কিন্তু ম্যাচটা গোলশুন্য ব্যবধানে ড্র করায় পয়েন্ট ভাগ করতে হয় মরিসিও পচেত্তিনোর দলকে।

আক্রমণভাগে আনহেল দি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও গোল আদায় করতে পারেননি মেসি। গোলের বেশির ভাগ সুযোগ তাঁর পা থেকেই তৈরি হয়।

কিন্তু পিএসজি দলগতভাবেই অনুজ্জ্বল ছিল নিসের বিপক্ষে। ২২টি শটের মধ্যে মাত্র ৫টি শট নিসের জালে রাখতে পেরেছে পিএসজি। এর মধ্যে দুটি মেসির শট। পাঁচটি গোলের সুযোগও তৈরি করেন আর্জেন্টাইন তারকা।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল পিএসজি। নঁতের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেওয়া মার্শেই ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে।