মেসির সাজা, নেইমারের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুনানিতে অংশ নিতে জুনের গোড়ায় বার্সেলোনার আদালতে এসেছিলেন মেসি l ফাইল ছবি
শুনানিতে অংশ নিতে জুনের গোড়ায় বার্সেলোনার আদালতে এসেছিলেন মেসি l ফাইল ছবি

বার্সেলোনা আক্রমণভাগের ত্রিমূর্তির দুজনের মধ্যে এমনিতেই দারুণ বন্ধুত্ব। লিওনেল মেসি ও নেইমারের ভাগ্য মাঠের বাইরেও দুজনকে একটা জায়গায় মিলিয়ে দিয়েছিল, দুই ভিন্ন মামলায় দুজনকেই দৌড়াতে হয়েছে আদালতে। তবে এবার দুজনের অভিজ্ঞতা হলো দুই রকম। কর ফাঁকির মামলায় স্পেনের আদালত মেসিকে ২১ মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছেন, জরিমানাও করেছেন। অন্যদিকে নেইমারের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ হয়ে গেছে।

মেসির শাস্তি হচ্ছে—আভাসটা পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ইমেজ স্বত্ব থেকে পাওয়া অর্থের প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন। এ জন্যই গত বুধবার বার্সেলোনার আদালত মেসি ও তাঁর বাবাকে পৃথকভাবে ২১ মাস কারাদণ্ড দিয়েছেন। অবশ্য স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে (যদি হিংস্র না হয়) সাজা দুই বছরের কম হলে জেলে যেতে হয় না। তবে জরিমানা এড়িয়ে যাওয়ার উপায় নেই। মেসিকে প্রায় ২১ লাখ ও তাঁর বাবা হোর্হে হোরাসিও মেসিকে ১৬ লাখ ইউরো জরিমানা করেছেন আদালত।

মেসি যদিও সব সময় বলে এসেছেন, অনিয়মটা ইচ্ছাকৃত ছিল না। এখন এ রায়ের বিরুদ্ধে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আইনজীবী এনরিকে বাচিগালুপো গতকাল জানিয়েছেন, আদালতের রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করবেন মেসি। ক্লাব বার্সেলোনাও দলের সেরা তারকার পাশে দাঁড়িয়েছে। এই রায়কে মেসির ওপর ‘ব্যক্তিগত আক্রমণ’ জানিয়ে বার্সেলোনা মুখপাত্র জোসেপ ভাইভস বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, মেসি কোনোভাবেই দোষী নন। শাস্তিযোগ্য কোনো অপরাধও তিনি করেননি। যা-ই হোক না কেন, আমরা তাঁর পাশেই থাকব।’

মেসির যখন শাস্তি হলো, নেইমারের ক্ষেত্রে ঘটল ঠিক উল্টোটা। ব্রাজিল অধিনায়কের বিরুদ্ধে করা প্রতারণার মামলা খারিজ করে দিয়েছেন স্পেনের আদালত। মামলাটি করেছিল ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএস। সান্তোসে থাকার সময় নেইমারের স্বত্বের ৪০ শতাংশ মালিকানা ছিল কোম্পানিটির। কিন্তু ২০১৩ সালে বার্সেলোনায় দলবদলের সময় নেইমারের ট্রান্সফার ফি কম দেখানোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে মামলা করে ডিআইএস। যেটির রায়ে আদালত গতকাল বলেছেন, ‘খেলাধুলা, নৈতিকতা ও শৃঙ্খলাজনিত বিষয়ে মামলাটির প্রভাব থাকতে পারে, তবে ফৌজদারি আদালতে এটি চলতে পারে না।’ এএফপি, ইএসপিএন।