মেসির সামনে '৪০০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর সেই প্রচ্ছদ। ছবি: ওয়েবসাইট
স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর সেই প্রচ্ছদ। ছবি: ওয়েবসাইট

সব সময়ই গোল পাওয়া যায় না, সেটি সম্ভবও নয়। তার পরও লিওনেল মেসি দিনের পর দিন যেভাবে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন, তাতে মনে হতেই পারে আর্জেন্টিনা অধিনায়কের কাছে গোল যেন পোষা বিড়াল! একটি, দুটি... দেখতে দেখতে মেসির গোলসংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৯৮-এ। আর মাত্র দুটি গোল হলেই বার্সেলোনা ফরোয়ার্ড ছুঁয়ে ফেলবেন ৪০০ গোলের অনন্য এক রেকর্ড। 
মেসির এই অর্জন অনন্য বলার কারণ কিন্তু যথেষ্টই। স্বয়ং আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও ৪০০ গোলের রেকর্ড ছুঁতে পারেননি। মেসি এই রেকর্ড ধরে ফেললে একদিক দিয়ে তিনি নিজেকে নিয়ে যাবেন ম্যারাডোনার ওপরেও। ১৩ সেপ্টেম্বর, শনিবার লা লিগায় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওই দিন জোড়া গোল করলেই কেল্লাফতে! না পারলেও রেকর্ডটা যে তিনি দ্রুতই ছুঁতে যাচ্ছেন, এ তো বলে দেওয়াই যায়।
মজার ব্যাপার হচ্ছে, এরই মধ্যে মেসির ৪০০ গোলের আগাম উদযাপন শুরু করে দিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো। সম্প্রতি পত্রিকাটি তাদের প্রচ্ছদে মেসির ছবির সঙ্গে লিখেছে ‘৪০০’! মুন্দো দেপোর্তিভোর দাবি ‘শনিবার (১৩ সেপ্টেম্বর) অ্যাটলেটিকের বিপক্ষেই এ সংখ্যা ছুঁয়ে ফেলতে পারবেন মেসি’।
চারবার ব্যালন ডি’অর বিজয়ী এই আর্জেন্টাইন মহাতারকার গোলগুলোর ৩৫৬টি এসেছে ক্লাব বার্সেলোনার হয়ে। দেশ আর্জেন্টিনার হয়ে তিনি করেছেন ৪২টি গোল। খেলোয়াড়ের ৩৯৮ গোলের মধ্যে ৩৫৬টি এসেছে বার্সার হয়ে, আর্জেন্টিনার হয়ে ৪২ গোল। বিশ্বকাপে তাঁর গোল পাঁচটি। সূত্র: মেইল অনলাইন।