মেসির সেই খুদে ভক্ত এখন দেশান্তরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুর্তজা আহমেদীকে ছাড়তে হয়েছে দেশ। ছবি: রয়টার্স।
মুর্তজা আহমেদীকে ছাড়তে হয়েছে দেশ। ছবি: রয়টার্স।

সেই খুদে ভক্তের নাম লিওনেল মেসিও জানেন। জানবেন না তো কি! মেসি যে তাঁকে পাঠিয়েছিলেন নিজের সই করা আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি! ইন্টারনেটের কল্যাণে আফগানিস্তানের সেই খুদে ভক্ত পরিচিতি পেয়েছে গোটা ফুটবল বিশ্বেই। অথচ শিশুটির পরিচয়টাই কিনা কাল হয়ে দাঁড়াল পরিবারের জন্য। পরিচিত হয়ে ওঠার কারণে সন্ত্রাসীদের হুমকিতে এখন দেশ ছাড়তে হচ্ছে ওকে।

মুর্তজা আহমেদি নামের ওই ছেলেটি মাস কয়েক আগে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিল মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে। নীল-সাদা স্ট্রাইপখচিত একটি প্লাস্টিক ব্যাগকে জার্সি বানিয়ে তাতে মেসির নাম ও জার্সির নম্বর লিখে ফুটবল খেলে বেড়ানো আহমেদি চোখে পড়েছিল স্বয়ং মেসির। ফুটবলের মহাতারকা শিশুটিকে পাঠিয়েছিলেন সত্যিকারের একটি জার্সি। পুরো বিষয়টিই আলোড়ন তুলেছিল। সেই আহমেদির পরিবারকেই এখন আফগানিস্তান ছেড়ে আশ্রয় নিতে হয়েছে প্রতিবেশী পাকিস্তানের কোয়েটায়।

কিন্তু কেন? আহমেদির বাবা বলেছেন, ‘আমার ছেলের পরিচিতি আমাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত আমরা টেলিফোনে হুমকি–ধমকি পাচ্ছি।’ আফগানিস্তানে নিজেদের আর নিরাপদ ভাবতে পারছেন না আহমেদির বাবা। তাঁর মনে শঙ্কা, যেকোনো সময়ই মুক্তিপণ বা এ–জাতীয় কিছুর জন্য তাঁর ছেলেকে অপহরণ করা হতে পারে। আপাতত তাই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায়। সূত্র: রয়টার্স।