মেসির সেরাটা এখনো বাকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে পারেননি, পারেননি চার বছর আগে দক্ষিণ আফ্রিকায়ও। খুব কাছাকাছি গিয়েছিলেন এবারের বিশ্বকাপে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ট্রফিটা হাতে তুলতে পারেননি লিওনেল মেসি। বয়স ২৭ পেরিয়ে গেছে। আরও একটা বিশ্বকাপে যদি খেলেনও, নিজের সেরা সময়টা কি পাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড?
তাঁর জাতীয় দল এবং ক্লাব বার্সেলোনার সতীর্থ হাভিয়ের মাচেরানোর বিশ্বাস, পাবেন। সেরাটা নাকি এখনো দেওয়ার বাকি মেসির! এ বছরই ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে শ্রেষ্ঠত্ব হারানো টানা চারবারের ব্যালন ডি’অরজয়ী আগামী দিনগুলোতে আরও বেশি আলো ছড়াবেন বলেই বিশ্বাস মাচেরানোর, ‘ওর আরও অনেক কিছু দেওয়ার বাকি। আমার মনে হয় না আমরা তার সেরাটা এখনো দেখেছি।’
বিশ্বকাপ জিততে না পারলেও আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার কৃতিত্ব মেসিকেই দিয়েছেন মাচেরানো, ‘শেষ ১৬-তে ওঠার পর মেসি বুঝতে পারল, শুধু আক্রমণে মনোযোগ দিলেই হবে না। আমাদের রক্ষণেও নজর দিতে হবে। সেটা করতে গিয়ে মেসি আর হিগুয়েইন কিছুটা একা হয়ে গেল সামনে। ...তাকে ছাড়া আমরা বিশ্বকাপের ফাইনালে যেতে পারতাম না।’ গোল ডটকম।