মেসির হাত ছোঁয়া দূরত্বে জয়ের রেকর্ড

>জিরোনার বিপক্ষে কাল জিতে রাউল গঞ্জালেসকে টপকে গেলেন লিওনেল মেসি
বার্সেলোনার মূল দলে খেলছেন প্রায় ১৫ বছর। এই পথে কাল লিওনেল মেসি তুলে নিলেন আরও একটি জয়। লা লিগায় জিরোনার বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। গোল পেয়েছেন মেসি। তাঁর গোল পাওয়া এবং দলের জয় মোটেও নতুন কিছু নয়। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সার জার্সিতে মাঠে নামলে এমন কিছু দেখার অপেক্ষাতেই থাকেন বার্সা ভক্তরা। তবে কাল মেসির জয়ে রিয়াল মাদ্রিদ ভক্তরা কি কিছুটা কষ্ট পেলেন?
যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব, একে-অপরের হার প্রত্যাশাই স্বাভাবিক। আর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কোনো খেলোয়াড় যদি নিজের প্রিয় দলের কাউকে টপকে যান তাহলে মোটেও ভালো লাগার কথা নয়। কষ্টের ব্যাপারটাও ঠিক এখানেই। কাল যে রিয়াল মাদ্রিদের ‘ঘরের ছেলে’খ্যাত রাউল গঞ্জালেসকে টপকে গেলেন মেসি। শুধু কী তাই? বার্সার হয়ে গোল করে ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জয়েও নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন এই আর্জেন্টাইন।
আগে রাউল প্রসঙ্গে আসা যাক। লা লিগার ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ম্যাচ জয়ের তালিকায় রাউল এখন চারে। ২০১০ সালে শালকেতে যোগ দেওয়ার আগে রিয়ালের হয়ে ৫৫০ লিগ ম্যাচে ৩২৭ জয়ের মুখ দেখেছিলেন রাউল। মেসি বার্সার হয়ে কাল লিগে তুলে নিলেন ৩২৮তম জয়। স্পেনের কিংবদন্তি ফরোয়ার্ডের চেয়ে ১১৩ ম্যাচ কম খেলেই তাঁকে টপকে গেলেন মেসি (৪৩৭ ম্যাচ)। এখন তাঁর সামনে স্পেনের দুই কিংবদন্তি গোলরক্ষক—আন্দোনি জুবিজারেতা ও ইকার ক্যাসিয়াস।
স্পেনের হয়ে এক সময় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়া জুবিজারেতা লা লিগায় খেলেছেন অ্যাথলেটিক বিলবাও, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার হয়ে। এই পথে ৬২২ ম্যাচে ৩৩৩ জয়ের মুখ দেখেছেন জুবিজারেতা। তবে লিগে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি তাঁর নয়, ক্যাসিয়াসের। রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৫ সালে পোর্তোয় যোগ দেওয়ার আগে লা লিগায় ৫১০ ম্যাচে ৩৩৪ জয় পেয়েছেন ‘সেইন্ট’ ইকার।
বোঝাই যাচ্ছে, লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়া মেসির জন্য স্রেফ সময়ের ব্যাপার। অর্থাৎ আরও একটি রেকর্ড ডাকছে পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলারকে। কাল লিগে নিজের ১৯তম গোল তুলে নেন মেসি। এখন পর্যন্ত তিনি-ই সর্বোচ্চ গোলদাতা। এই পথে ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের দৌড়ে মেসি তুলে নিলেন ৩৮ পয়েন্ট। গোল প্রতি ২ পয়েন্ট আরকি। শীর্ষে থাকা মেসির থেকে দুটি গোল কম করে দ্বিতীয় পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৩৪ পয়েন্ট)। এই তালিকায় সবাইকে অবাক করে তিনে উঠে এসেছেন সাম্পদোরিয়া ফরোয়ার্ড ফ্যাবিও কোয়াগলিয়ারেল্লা। ইতালিয়ান সিরি আ-র চলতি মৌসুমে ১৬ গোল করেছেন তিনি।
লা লিগায় সর্বোচ্চ জয়:
খেলোয়াড় | ম্যাচ | জয় |
ইকার ক্যাসিয়াস | ৫১০ | ৩৩৪ |
আন্দোনি জুবিজারেতা | ৬২২ | ৩৩৩ |
লিওনেল মেসি | ৪৩৭ | ৩২৮ |
রাউল গঞ্জালেস | ৫৫০ | ৩২৭ |
জাভি হার্নান্দেজ | ৫০৫ | ৩২২ |