মেসির হাতেই ব্যালন ডি'অর দেখছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে দুই মহাতারকা। এবার পুরস্কারটা মেসির হাতেই দেখেন রোনালদো। ছবি: এএফপি।
২০১৩ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে দুই মহাতারকা। এবার পুরস্কারটা মেসির হাতেই দেখেন রোনালদো। ছবি: এএফপি।

ব্যালন ডি’অর ভাবনা তাহলে জেঁকে ধরেছে তাঁদেরও। জুরিখের মঞ্চে সোনালি বলটা কার হাতে উঠবে এ নিয়ে সমর্থকদের মতো তাঁদের মনেও চলছে জল্পনা-কল্পনা। তাতে আগে থেকেই যেন দুই হাত ওপরে তুলে ‘আত্মসমর্পণ’ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এবারের ব্যালন ডি’অরটা দেখছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতেই।

নিজের আত্মজীবনী নিয়ে রচিত প্রামাণ্যচিত্র ‘রোনালদো’ মুক্তি পেয়েছে কয়েক দিন হলো। এ নিয়ে প্রচারমাধ্যমে গত কদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছেন পর্তুগিজ অধিনায়ক। এবার ব্রিটিশ টক শো ‘দ্য জোনাথন রস শো’তে এসে সম্ভাব্য ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনাটা জানিয়ে দিলেন তিনি।

গত সাত বছর ধরে ব্যালন ডি’অরে ‘দ্বিচ্ছত্র’ আধিপত্য এ দুজনের। রোনালদো তিনবার আলোকিত করেছেন জুরিখের মঞ্চটা, মেসি চারবার। এবারও এই দুজনের মধ্যেই হতে যাচ্ছে মূল লড়াইটা। গত মৌসুমটা যে দারুণ কেটেছে দুজনেরই। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মৌসুমে ৬৬ গোল করেছিলেন রোনালদো। মেসি গোলের সংখ্যায় কিছুটা পিছিয়ে থাকলেও খুব একটা নন। তাঁর গোলসংখ্যা ৫৯। মিসি হয়তো একটু এগিয়ে থাকবেন, কারণ তাঁর গোলগুলোই যে বার্সাকে গত মৌসুমে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রেখেছে।

মৌসুমটাকে নিজের ‘জীবনের সম্ভবত সেরা মৌসুম’ মানলেও দলীয় সাফল্যের কারণেই ২০১৬ সালের ১১ জানুয়ারি জুরিখে বার্সা ফরোয়ার্ডের হাতে পঞ্চমবারের মতো ট্রফিটা দেখছেন রোনালদো। কারণটাও ব্যাখ্যা করলেন ৩০ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক, ‘সত্যি বলতে কি আমার মনে হয় এই ট্রফিগুলোর কারণে মেসি পুরস্কারটা জিতবে। ও প্রতিযোগিতাগুলো জিতে নিল, চ্যাম্পিয়নস লিগ জিতল, লিগ জিতে নিয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমিও সম্ভবত জীবনের সেরা মৌসুমটাই কাটিয়েছি, ইউরোপে সর্বোচ্চ গোলদাতা হয়েছি। কিন্তু পুরস্কারটা যে পুরোপুরিই নির্ভর করে ভোটের ওপর। পুরস্কারটা জেতা তাই বেশ কঠিন। সত্যি বলতে এ নিয়ে আমি ভাবছিও না।

আমি তিনবার এই পুরস্কার পেয়েছি। ব্যালন ডি’অর যে আমি তিনবার জিতব, এটাই তো কোনো দিন ভাবিনি আমি!’

তবে প্রচারমাধ্যমে যেভাবে বলা হয়, আর্জেন্টাইন তারকাকে ওভাবে ‘প্রতিদ্বন্দ্বী’ বলতে রাজি নন রোনালদো, ‘আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমরা আট বছর ধরে ফিফার মঞ্চটা ভাগাভাগি করছি। আর কেউই এভাবে করতে পারেনি। শুধু আমরাই। এটা দুর্দান্ত একটা ব্যাপার। মেসির সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। ও এক ক্লাবে খেলে, আমি এক ক্লাবে। ও নিজের জন্য সর্বোচ্চটাই জিতেছে, আমিও। আমি প্রাণের বন্ধু নই, তবে একে অন্যের প্রতি বেশ সম্মান আছে আমাদের।’ ইএসপিএন।