মেসির হয়ে ম্যারাডোনার চাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা খেপেছেন! খ্যাপা অবশ্য তিনি কখন ছিলেন না, সেটিও এক প্রশ্ন। তবে এবার যেন ভয়ংকর খ্যাপা খেপেছেন আর্জেন্টিনা কিংবদন্তি। লিওনেল মেসির নিন্দুকদের রীতিমতো ধুয়ে দিয়েছেন, চাবকেছেন। বলেছেন, অনেক হয়েছে। এবার মেসিকে রেহাই দাও।
আর্জেন্টিনায় প্রত্যেকেই একেকজন ফুটবলবোদ্ধা, এমন সমালোচনা করে ম্যারাডোনা বলেছেন, ‘এখন এমন হয়েছে, প্রত্যেকেই যেন কোচ, একেকজন পেনাল্টি-টেকার। এটা তো আর হতে পারে না। সব সময়ই দেখছি এ নিয়ে সবাই কথা বলছে। যে জীবনে বলে একটা লাথি মেরেছে কি মারেনি, সে-ও দেখি ফুটবল নিয়ে কথা বলার সাহস দেখায়। যখনই দেখি এ নিয়ে টিভিতে বকবক চলছে, সঙ্গে সঙ্গেই চ্যানেল পাল্টাই। যথেষ্ট হয়েছে। যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর অতীত পাল্টানো যাবে না।’
অতীত না পাল্টালেও ভবিষ্যৎটা তো অন্য রকম করার সুযোগ থাকছেই। মেসি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে তাঁকে ফিরিয়ে তো আনা যায়। ম্যারাডোনা এর আগে নিজে মেসিকে অনুরোধ করেছেন জাতীয় দলে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত মেসি যদি না ফেরেন, বিকল্প আর্জেন্টিনাকে ভাবতেই হবে। ম্যারাডোনা বলেছেন, ‘মেসিকে কেন্দ্রে রেখেই আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। কিন্তু ও যদি না-ই বলে দেয়, তবু তো আমাদের মাঠে দল নামাতে হবে।’
তবে কি ম্যারাডোনা মেসির ফেরার আশা আর করছেন না? ’৮৬-র মহানায়ক এখনো মনে করেন, মেসির একটু ছুটি দরকার। ঠান্ডা মাথায় ভাবলেই তিনি সব মিটিয়ে ফেলবেন, ‘মেসি বারবার বলছে, পারছি না, এবার ছাড়ো। মেসি আসলে বলতে চাইছে, “আমি ছুটিতে যাচ্ছি। এই কটা দিন একা থাকতে দাও। যখন দলের ডাক পড়বে, আমি ভেবে দেখব। কিন্তু এখনই এ নিয়ে আর কথা বলতে চাই না।”’ সূত্র: ফোরফোরটু।