মেসির 'ছু মন্তরে' হারল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির জোড়া গোলেই বার্সেলোনা কাল হারিয়েছে আর্সেনালকে। ছবি: এএফপি
মেসির জোড়া গোলেই বার্সেলোনা কাল হারিয়েছে আর্সেনালকে। ছবি: এএফপি

লুইস এনরিকে গতকাল মজা করে বলেছিলেন, মাঠে নামার আগে জোরে ‘ছু মন্তর’ বলে চেঁচালেই হবে! তাহলেই দেখা যাবে মেসিদের জাদু। লুইস এনরিকে আসলেই চেঁচিয়ে ছিলেন কি না কে জানে! তবে ম্যাচের অনেকটা সময় অদৃশ্য থাকার পর হঠাৎ করে ভোজবাজির মতো লিওনেল মেসি ঠিকই উদয় হলেন। যে পিওতর চেককে আগের ছয় সাক্ষাতে একবারও হারাতে পারেননি, তাঁর বিপক্ষেই কাল মেসি জোড়া গোল করে ফেললেন। মেসি জাদুতে ভর করেই তো বার্সেলোনা কাল আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেছে।

অথচ ম্যাচের স্কোরলাইন যেমন দেখাচ্ছে, আসল চিত্রটা একেবারেই আলাদা। ফলটা অনায়াসেই অন্যরকম হতে পারত, এমনকি আর্সেনালের জয় নিয়ে মাঠ ছাড়াও বিচিত্র কিছু ছিল না। মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে ম্যাচের প্রথমার্ধে তেমন একটা খুঁজেই পাওয়া যায়নি, ২০১৩ সালের নভেম্বরের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে প্রথমার্ধে গোলে একটা শটও নিতে পারেনি বার্সা। প্রথমার্ধে সুযোগ বলতে শেষ মুহূর্তে সুয়ারেজের হেডটা আর্সেনালের পোস্টে বাতাস লাগিয়ে যায়। অথচ ২২ মিনিটে অক্সলেড চেম্বারলেইন সহজ সুযোগটা কাজে লাগাতে পারলে আর্সেনাল প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের সামনে পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন। ৬০ মিনিটে অলিভিয়ের জিরুর হেড জালে প্রায় ঢুকেই যাচ্ছিল, কিন্তু দারুণ এক সেভে সেটি ঠেকিয়ে দিয়েছেন টের-স্টেগেন। তার আগে অবশ্য পিওতর চেকও আর্সেনালকে একবার বাঁচিয়েছেন, নেইমারের দারুণ শট আটকে দিয়েছেন পা দিয়ে। কিন্তু আর্সেনালই বেশি তেড়েফুঁড়ে খেলছিল, বার্সাকে চিনতে হচ্ছিল অনেকটা জার্সি দেখে।
এমন সময়েই অনেকটা খেলার ধারার বিপরীতে দারুণ এক প্রতি আক্রমণ থেকে হয়ে যায় প্রথম গোল। ৭১ মিনিটে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে নেইমারের দৌড়, চোখের পলকে নেইমার ঢুকে গেলেন আর্সেনালের ডি বক্সে। ওপাশ থেকে মেসি ততক্ষণে চলে এসেছেন, ফিরতি বল জালে পাঠিয়ে দিতে একদমই সমস্যা হলো না তাঁর।
এমন একটা গোলের পরই যেন হঠাৎ ম্যাচের লাগাম ছুটে যায় আর্সেনালের হাত থেকে। সাত মিনিট পর সুয়ারেজও গোল পেয়ে যেতে পারতেন, কিন্তু শট ফিরে আসে পোস্টে লেগে। আর্সেনালের ম্যাচে ফেরার যেটুকু আশাও ছিল, সেটিও শেষ করে দিয়েছেন মেসি। বদলি হিসেবে নেমেই আর্সেনালের ম্যাথু ফ্ল্যামিনি বক্সে ফাউল করে ফেলে দিলেন মেসিকে। এমন সুযোগ মেসি নষ্ট করেন কী করে! ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অনেক দিন পর লন্ডনের রাতটা মনে রাখার মতো হলো তাঁর।
এমন হারে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বিরক্তিটা চেপে রাখেননি, ‘আমি খুবই হতাশ। ব্যাপারটা একদমই মেনে নিতে পারছি না। আর দায়টাও আমাদেরই নিতে হবে। গোলশূন্য ড্র হলেও আমি খুশি হতাম। সবাই জানে ওরা আমাদের চেয়ে ভালো, অথচ আরেকটু সুশৃঙ্খল হলে আমরাই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম।’ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আশাও যেন ছেড়ে দিয়েছেন ওয়েঙ্গার, ‘বার্সেলোনার আসলে ৯৫ শতাংশ কাজ হয়ে গেছে।’ তবে শেষ চেষ্টা ঠিকই করতে চান, ‘তারপরও আমরা ওখানে গিয়ে লড়াই করব।’