মেসির 'জ্বলে ওঠা'র নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিকের পর মেসি। ছবি: রয়টার্স
দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিকের পর মেসি। ছবি: রয়টার্স

লা লিগায় ১৯ ম্যাচে ১৯ গোল, চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৮ গোল আর চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৮ গোল। কদিন আগেই লা লিগায় পেয়েছেন ২২তম হ্যাটট্রিক (মৌসুমের তৃতীয়)। পরিসংখ্যান তো লিওনেল মেসির পক্ষেই। তাহলে ‘জ্বলে ওঠার’ কথা আসছে কেন?
আসছে কারণ, ৪ জানুয়ারি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার পরই ন্যু ক্যাম্পে ‘অস্থিরতা’, কোচ লুইস এনরিকের সঙ্গে কথিত বিবাদ, ভবিষ্যতে কাতালান জায়ান্টদের ঘরে না থাকার ইঙ্গিত—সব মিলিয়ে বার্সায় ‘সুখে’ নেই মেসি—এমন নানা গুজব বাতাসে! তবে এমন চাপান–উতরের মধ্যেই মেসি ফিরেছেন। ৪ জানুয়ারির পর মেসি খেলেছেন ৩ ম্যাচ, গোল করেছেন ৫টি। এর মধ্যে হ্যাটট্রিক আছে একটি, আছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়। ঘটনার ঘনঘটার মধ্যেই মেসির জ্বলে ওঠার পেছনে কিছু কারণ বের করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। দেখে নিই কারণগুলো।

* কোচের সঙ্গে সম্পর্কটা খুব ভালো, এটি বলা কঠিনই। কোচের হম্বিতম্বি নাকি আর্জেন্টিনা ফরোয়ার্ডের ঠিক পছন্দ নয়। কারও নির্দেশে নয়, বরং নিজ থেকেই সেরাটা দিতে চান মেসি। পারফরম্যান্স নিয়ে তাঁর বিরুদ্ধে যাতে কেউ অভিযোগ না তুলতে পারে, সে ব্যাপারে যথেষ্ট সচেতন তিনি। সাম্প্রতিক সময়ে এনরিকের সঙ্গে কথিত বিবাদ নাকি ‘শাপেবর’ই হয়েছে মেসির জন্য!

* মেসি কখনো হারতে চান না। তাঁকে ‘দর্শক’ বানিয়ে ঘোর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো টানা দুবার জিতেছেন ব্যালন ডি’অর। বিষয়টি হয়তো ভাবিয়ে তুলেছে আর্জেন্টিনা অধিনায়ককে।

* আকারে-ইঙ্গিতে মেসি জানিয়েছেন, মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃপক্ষের সমর্থন সেভাবে পাচ্ছিলেন না। বার্সা কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। বার্সা সভাপতি বার্তোমেউকে বলতে হয়েছে, ক্যাম্প ন্যুতে মেসির ‘সুখে’ থাকার নিশ্চয়তা দেবে ক্লাব কর্তৃপক্ষ।

* লুইস সুয়ারেজের কাছে আক্রমণভাগের কেন্দ্রীয় জায়গাটা ছেড়ে মেসি ফিরে গেছেন পুরোনো জায়গায়, মাঠের ডান প্রান্তে। প্রান্ত বদল হলেও মাঠে নিজের মতো খেলার স্বাধীনতা আগের মতোই অটুট ২৭ বছর বয়সী বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

* নেইমার-সুয়ারেজের সঙ্গে রসায়নটা বেশ জমে উঠেছে মেসির। একে অপরকে ভীষণ সহযোগিতা করছেন। আর লাতিন-ত্রয়ী একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কী হয়, নিশ্চয় অনুমেয়।