মেসির 'বিরুদ্ধে' আলভেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে দুজনে হরিহর আত্মা, বার্সা সতীর্থ মেসির দিকে সমালোচনার কোনো তির ছুটে এলে সামনে দাঁড়িয়ে যান বর্ম হয়ে। সেই আলভেজই এখন চাইছেন না চোট থেকে সেরে উঠুন মেসি।
না, আঁতকে ওঠার কিছু নেই, বার্সেলোনা রাইট-ব্যাকের এই ‘অমঙ্গল’ প্রার্থনা ১৩ নভেম্বরের পর আর কাজে লাগবে না। ওই দিনই যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে আলভেজের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কাটিয়ে ওই ম্যাচে নেইমার ফিরলেও হাঁটুর চোট মেসিকে নামতে দেবে কি না তা নিয়ে শঙ্কা আছে।
বার্সেলোনার জার্সিতে দুজনের যুগলবন্দীতে এসেছে অনেক দুর্দান্ত গোল, বার্সার অনুশীলনে আবার নিয়মিত মেসির মুখোমুখি হওয়ার ‘যন্ত্রণা’ও সহ্য করতে হয়। মেসি কী—সেটা আলভেজের চেয়ে ভালো আর কে জানেন? লাতিন ‘সুপারক্লাসিকো’তে তাই আর্জেন্টিনার জার্সিতে মেসির সামনে পড়তে চান না ব্রাজিল ডিফেন্ডার।
ভেনেজুয়েলা ম্যাচের পর সংবাদমাধ্যমকে ৩২ বছর বয়সী ডিফেন্ডার বললেন, ‘আমি মেসিবিহীন সুপারক্লাসিকোই চাই। আশা করি নেইমার ফিট থাকবে, মেসি থাকবে না। বিশ্বের সেরা খেলোয়াড়টি প্রতিপক্ষ দলে না থাকলে আপনার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।’
এখানে তো আবারও বন্ধুর প্রশংসাই করলেন আলভেজ! এএস।