মেসির 'সূর্য'কে দেখেছেন?

>• গতকাল বার্সেলোনায় তৃতীয় সন্তান ‘চিরো’র মুখ দেখলেন মেসি-রোকুজ্জো দম্পতি।
• ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করেছেন এ দম্পতি।
পার্সিয়ান শব্দ ‘সাইরাস’ থেকে এসেছে ‘চিরো’—গ্রিক ও লাতিন ভাষায় যার অর্থ ‘সূর্য’। লিওনেল মেসির ঘরে এখন সেই সূর্যের আলো!
জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোর কোলজুড়ে তৃতীয় সন্তানের আগমনী বার্তা এক মাস আগেই জানিয়েছিলেন মেসি। নামটাও আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। গতকাল বার্সেলোনায় সেই সন্তান ‘চিরো’র মুখ দেখলেন মেসি-রোকুজ্জো দম্পতি। দেখালেন তাঁর ভক্তদেরও। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোকুজ্জোসহ গোটা পরিবারের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
রোকুজ্জোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, মা–বাবাসহ সবার হাসিমুখ। তাঁরা যেন ভীষণ খুশি। তৃতীয়বারের মতো বাবা হতে পেরে মেসি কিন্তু আগেই জানিয়ে রেখেছেন, তিনি এবং তাঁর স্ত্রী রোকুজ্জো ‘ভীষণ খুশি’। মেসির প্রথম সন্তানের নাম থিয়াগো, তারপর মাতেও এবং এবার এল চিরো।