পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। বিশ্বকাপ ড্রয়ে নিজেদের গ্রুপে এই তিন প্রতিপক্ষকে পেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই ফেলেছেন লিওনেল মেসিরা। কারণ, প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, জার্মানি, ডেনমার্ক কিংবা ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে দেখা হওয়ার একটা সম্ভাবনা যে ছিল! সেটা নাহয়ে কাগজে-কলমে নিজেদের গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দলের উপস্থিতি মেসিদের চিন্তা কমিয়ে দিচ্ছে একটু হলেও।
ফুটবলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই! বিশ্বকাপও অবিশ্বাস্য অনেক ঘটনার সাক্ষী হয়েছে। এমন সব ঘটনা, যা আদৌ হবে ভাবেননি কেউ। কে ভেবেছিল, ২০১৪ বিশ্বকাপে ইতালি-ইংল্যান্ড ও উরুগুয়ের সঙ্গে একই গ্রুপে পড়ার পরও দ্বিতীয় রাউন্ডে উঠবে কোস্টারিকা? কিংবা ২০০২ সালে ঠিক আগেরবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে প্রথম ম্যাচেই হারিয়ে দেবে নবাগত সেনেগাল?
ফলে কাগজে-কলমে সহজ গ্রুপে পড়লেও স্বস্তি ফেলার জো নেই মেসিদের। সেটা আর্জেন্টিনার কোপাজয়ী কোচ লিওনেল স্কালোনি বেশ ভালোই বোঝেন।
বোঝেন বলেই কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না। টিওয়াইসি স্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রতিটি গ্রুপসঙ্গী নিয়ে কথা বলেছেন এই কোচ। প্রতিটি প্রতিপক্ষের সামর্থ্যকে জানিয়েছেন সম্মান।
পোল্যান্ড নিয়ে সবার আগে মাথায় আসে দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রবার্ট লেভানডফস্কির কথা। তবে শুধু লেভাই নন, দলটায় আছেন ওজিয়েক সেজনি, পিওতর জিয়েলিনস্কি, ক্রিস্তফ পিওন্তেক, কামিল গ্লিকের মতো অসাধারণ কিছু খেলোয়াড়।
সেটা বেশ ভালোই মাথায় আছে স্কালোনির, ‘পোল্যান্ড বেশ ভালো খেলেছে, সুইডেনের বিপক্ষে জিতেছে। পোল্যান্ড এমন একটা দল, যাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে, বিশ্বমানের। সৌদি আরবও বাছাইপর্বে দুর্দান্ত খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করছি। আশা করছি, আমরা তাদের বিপক্ষে ভালো খেলব, ভালো একটা গ্রুপ পর্ব কাটাব। তবে প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মানটুকুই দিচ্ছি।’
স্কালোনি নিজে যখন খেলোয়াড় ছিলেন, ২০০৬ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে লড়েছেন মাঠে। সেটাই ফুটে উঠল তাঁর কথায়, ‘এই গ্রুপের প্রতিটি দলই কঠিন। মেক্সিকো এমন এক প্রতিপক্ষ, যাদের আমরা আগে থেকেই ভালোভাবে চিনি, বেশ কঠিন প্রতিপক্ষ তারা। ২০০৬ সালে ওরা বিশ্বকাপে কেমন প্রতিপক্ষ, সেটা আমি খেলোয়াড় হিসেবে বুঝতে পেরেছি। তারা একটা অসাধারণ ম্যাচ খেলেছিল, আমাদের ম্যাচটা জিততে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়। পরে ম্যাক্সি রদ্রিগেজের গোলে আমরা জিতি।’
তিন প্রতিপক্ষের মধ্যে মেক্সিকোকেই অপেক্ষাকৃত ভালোভাবে চেনেন স্কালোনিরা। আর্জেন্টিনার শক্তি-সামর্থ্য নিয়েও বেশ ভালোই ধারণা আছে মেক্সিকোর। তবে বিশ্বকাপে দুই দল যেহেতু একই গ্রুপে পড়েছে, স্কালোনি হয়তো চাইছেন না আর্জেন্টিনাকে নিয়ে মেক্সিকোর ধারণাটা আরেকটু পোক্ত হোক! আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপের ঠিক আগে লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। একই গ্রুপে থাকার কারণে দুই প্রতিপক্ষ আর মুখোমুখি হচ্ছে না। প্রীতি ম্যাচ খেলতে এখন অন্য প্রতিপক্ষ খুঁজতে হবে দুই দলকেই।
স্কালোনি নিজেই নিশ্চিত করেছেন খবরটি, ‘মেক্সিকো এমন এক দল, যাদের সঙ্গে আমরা খেলব, ব্যাপারটা নিশ্চিত ছিল। কিন্তু এখন আমাদের অন্য প্রতিপক্ষ খুঁজতে হবে।’
তবে স্কালোনি প্রতিপক্ষকে নিয়ে সাবধান থাকলেও আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ নিজের আনন্দ লুকোতে পারেননি, ‘আমাদের দলের সবাই খুশি। ভাবতে ভালো লাগছে যে আমাদের সামনে কী কী অপেক্ষা করছে। তাও আমরা একটার বেশি ম্যাচের কথা এখনই চিন্তা করছি না।’
তবে মার্তিনেজ বেশ ভালোই বোঝেন, বিশ্বকাপ জিততে হলে প্রতিপক্ষ সহজ না কঠিন, সেটা নিয়ে চিন্তা করলে চলবে না। জিততে হবে সবার সঙ্গেই, ‘সৌদি আরবের খেলা দেখিনি আমি। এখন হয়তো দেখব। সেদিন পোল্যান্ডের খেলা দেখলাম। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ যদি না জিতি, তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। অনেকে গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের চেয়েও ভালো খেলে। বিশ্বকাপে সবাইকেই হারানোর মানসিকতা থাকতে হবে। গ্রুপে প্রথম হতে হবে আমাদের।’