মেসি–রোনালদোর দলবদল নিয়ে মুলারের দুঃখ
এবারের গ্রীষ্মকালীন দলবদলটা যেন নাটকীয়তায় ঠাসা। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির নতুন চুক্তি হতে হতেও শেষ পর্যন্ত হলো না। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাড়ি জমালেন প্যারিসে, নাম লেখালেন পিএসজিতে। মেসি পিএসজিতে যেতে না যেতেই আবার কিলিয়ান এমবাপ্পে নাটক শুরু। ফরাসি স্ট্রাইকারকে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ এরই মধ্যে তিনটি প্রস্তাব দিয়েছে তাঁর জন্য। এমবাপ্পের ভাগ্য ঝুলে থাকলেও হঠাৎ করেই দলবদলের বাজারে প্রকাশ পায় রোনালদো–নাটক। সে নাটকের যবনিকাপাত হতে অবশ্য বেশি সময় লাগেনি। প্রথমে ম্যানচেস্টার সিটির কথা শোনা গেলেও পরের দিন ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।
দলবদলের বাজারে এমন নাটকে রোমাঞ্চিত বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসি আর রোনালদোর দলবদল নিয়ে একজন খুব দুঃখ পেয়েছেন। তিনি বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড টমাস মুলার। রোমাঞ্চকর এ দলবদলের পরও মুলারের দুঃখ পাওয়ার কারণ তাঁর একটি স্বপ্ন ভেঙে যাওয়া। নাহ্, মুলার পিএসজি বা ইউনাইটেডে যাওয়ার স্বপ্ন দেখেননি। তাঁর স্বপ্ন ছিল মেসি আর রোনালদো অন্তত তাঁদের ক্যারিয়ারের শেষ সময়ে একই সঙ্গে খেলবেন! সে স্বপ্ন পূরণ হলো না বলেই দুঃখ পেয়েছেন মুলার।
মেসি পিএসজিতে নাম লেখানোর পর অসম্ভব জেনেও একটি স্বপ্ন দেখেছিল ফুটবলপ্রেমীরা। এমএনএম—মেসি–নেইমার–এমবাপ্পে ত্রয়ীটা যদি এমআরএনএম চতুষ্টয় হতো! মানে মেসি, রোনালদো, নেইমা ও এমবাপ্পে যদি এক দলে খেলতে পারতেন! মুলার জানেন সেটা সম্ভব নয়। কিন্তু মেসি আর রোনালদো এক দলে তো খেলতেই পারতেন! এই সময়ে ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী এক দলে খেললে কেমন হয় সেটা দেখার স্বপ্ন তো কেউ দেখতেই পারেন!
এ যাত্র মেসি–রোনালদোর এক দলে যাওয়া হয়নি। তবে এখনো স্বপ্ন দেখা ছাড়ছেন না মুলার। কাল হার্থা বার্লিনের বিপক্ষে তাঁর দল বায়ার্নের ৫–০ গোলের জয়ের পর জার্মান ফরোয়ার্ড বলেছেন, ‘এখনো যদি কিলিয়ান এমবাপ্পে পিএসজি থেকে (রিয়াল মাদ্রিদে) চলে যায় তাহলে আমি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে এক সঙ্গে খেলতে দেখতে চাইব।’ ৩১ বছর বয়সী মুলার স্কাই স্পোর্টসকে এরপর আরও বলেছেন, ‘এ সমন্বয়টা খুব মজার হবে। বিশেষ করে আমার মতো ক্রীড়া–ভক্তদের জন্য। বলসহ এবং বল ছাড়া ভালো—দুই রকমের খেলোয়াড়ই দলে থাকতে হয়।’
রোনালদো পিএসজিতে নাম লেখালে ব্যাপারটা কেমন হবে সেটাও ভেবে রেখেছেন মুলার, ‘ক্রিস্টিয়ানো প্রতিপক্ষের শেষ সীমানায় খুব শক্তিশালী একজন খেলোয়াড়। এমনকি সেখানে (প্রতিপক্ষকে আতঙ্কে রাখতে) তার পায়ে বল থাকারও দরকার পড়ে না। মেসি আর নেইমার মাঝমাঠ সামলাবে। বিষয়টি দারুণ মজার হবে।’