মেসিহীন হতশ্রী আর্জেন্টিনা

আর্জেন্টিনার খেলোয়াড়েরা যে যা-ই বলুন, সত্যি আসলে একটাই। লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা এখন আর ঠিক আর্জেন্টিনা নয়। এই বাস্তবতাকে তাঁরা স্বজ্ঞানে স্বীকার করতে না চাইলেও মাঝে মাঝে স্বাভাবিক প্রতিক্রিয়ায় এমনিতেই বেরিয়ে আসে।
এই তো দুই দিন আগেই হাভিয়ের মাচেরানো বলেছিলেন, হারজিত যা-ই হোক, মেসির অনুপস্থিতিকে অজুহাত হিসেবে নেবেন না তাঁরা। কথাটা তো রাখা গেল না! বিশ্বকাপ বাছাইপর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দিনে ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারের পর ডিফেন্ডার লুকাস বিগলিয়াই তো বলে দিলেন, ‘মাঠে আমরা অবশ্যই মেসির অভাব বোধ করেছি।’
সরাসরি ‘অজুহাত’ নয়, কিন্তু কথা একই। মেসির অনুপস্থিতিতে কাল ভোরে বুয়েনস এইরেসের ম্যাচটিতে আর্জেন্টিনার অধিনায়ক মাচেরানো এই কথাটাই বললেন ঘুরিয়ে, ‘ফলাফলের দিকে তাকিয়ে লাভ নেই। আমরা তাদের চেয়ে ভালো খেলতে পারিনি। ইকুয়েডর আমাদের দিকে যে সমস্যাগুলো ছুড়ে দিয়েছে, সেগুলো আমরা সমাধান করতে পারিনি। আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না।’
অস্বস্তির বড় কারণটা অবশ্যই চোটে মেসির ছিটকে পড়া। মেসির অনুপস্থিতিতে তাঁর ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন সার্জিও আগুয়েরো। মেসির অভাব তো ঢাকতে পারেননিই, উল্টো ২২ মিনিটে মাঠ ছেড়েছেন চোট নিয়ে। দলের সেরা দুই ফরোয়ার্ডকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগকে লাগল দিশেহারা, রক্ষণভাগ ছিল আরও নড়বড়ে!
একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা ড্র হয়ে যেতে পারে। নিজেদের মাঠে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার জন্য ৩১ নম্বরে থাকা ইকুয়েডরের বিপক্ষে সেটাই হতো বাজে ফল। কিন্তু জেরার্ডো মার্টিনোর দলের জন্য অপেক্ষা করছিল আরও খারাপ পরিণতি! ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচে পরের দুই মিনিটে ২ গোল করে আর্জেন্টিনাকে হতভম্ব করে দেন ইকুয়েডরের ফ্রিকসন এরাজো ও ফেলিপে কাইসেদো। বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার জালে এত দ্রুত পরপর দুই গোল আগে কখনো হয়নি। বাকি সময়টুকুতে ঘুরে দাঁড়াতে অবিশ্বাস্য কিছু করতে হতো, আর্জেন্টিনা সেই সুযোগই তৈরি করতে পারেনি।
১৯৯৩ সালে কলম্বিয়া (৫-০) ও ২০০৯ সালে ব্রাজিলের (৩-১) পর তৃতীয় দল হিসেবে ইকুয়েডর বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার মাঠে এসে আর্জেন্টিনাকে হারিয়ে গেল। ১৩ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচটা আর্জেন্টিনার জন্য আরও বড় পরীক্ষা। ওই দিন যে আগুয়েরোও নেই! এএফপি।
আর্জেন্টিনা ০: ২ ইকুয়েডর