মেসি-এনরিকে দ্বন্দ্ব 'গুরুত্বহীন!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভির কাছে মেসি-এনরিকে দ্বন্দ্ব গুরুত্বহীন!
জাভির কাছে মেসি-এনরিকে দ্বন্দ্ব গুরুত্বহীন!

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনা কোচ লুইস এনরিকের দ্বন্দ্ব নিয়ে আবারও বিতর্ক উসকে দিয়েছেন জেরেমি ম্যাথিউ। ন্যু ক্যাম্পে নতুন যোগ দেওয়া এই খেলোয়াড় স্বীকার করেছেন বড়দিনের ছুটির পরেই মেসি-এনরিকে দ্বন্দ্ব ভয়াবহ মাত্রা পায়। 

কিছুদিন আগেই ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল মেসির সঙ্গে কোচের দ্বন্দ্বের ব্যাপারটি সঠিক নয়। কিন্তু ম্যাথিউয়ের এই মন্তব্য স্বভাবতই বার্সেলোনার অভ্যন্তরীণ অবস্থার একটা বাজে চিত্রই তুলে ধরবে বাইরের জগতের কাছে।

স্পেনের এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ ফাটিয়েছেন বোমাটা, ‘মেসির সঙ্গে কোচের দ্বন্দ্ব মোটেও ভিত্তিহীন কোনো খবর নয়। বরং বড়দিনের ছুটির পর এই দ্বন্দ্ব অন্য মাত্রা পায়।’

ম্যাথিউয়ের মতে, অনুশীলনের সময় মেসির বিপক্ষে একটি ফাউল এনরিকে না ধরায় মেসি মেজাজ হারিয়েছিলেন। এনরিকের সঙ্গে তীব্র বাদানুবাদও নাকি হয়েছিল তাঁর। তবে ম্যাথিউ স্পষ্ট করেছেন, এর চেয়ে বেশি কিছু হওয়ার খবর তিনি জানেন না। গণমাধ্যম অনেক কিছু অতিরঞ্জিতভাবেই নাকি উপস্থাপন করেছিল।

এদিকে ম্যাথিউয়ের সাক্ষাৎকার নতুন করে বিতর্ক সৃষ্টি করবে কি করবে না, এমন যখন অবস্থা, তখন দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন বার্সেলোনার সিনিয়র সদস্যদের একজন জাভি হার্নান্দেজ। তিনি বলেছেন, মেসি-এনরিকের দ্বন্দ্ব যদি থেকেও থাকে, সেটাকে গুরুত্ব না দেওয়ারই সিদ্ধান্ত আছে ক্লাবের তরফ থেকে, ‘এই মুহূর্তে বার্সেলোনা ম্যানেজমেন্টের কাছে মেসি-এনরিকে দ্বন্দ্ব একেবারেই গুরুত্বহীন। পুরো ক্লাব মৌসুমের বাকিটা সময় ফুটবলেই মনোযোগ নিবদ্ধ রাখতে চাচ্ছে।’

জেরেমি ম্যাথিউয়ের মন্তব্য সম্পর্কে জাভি জানিয়েছেন, ‘এটা তো নতুন কিছু নয়। মেসি ও কোচের মধ্যে যে দ্বন্দ্বের কথা বলা হয়েছে, সেটা স্বাভাবিক একটা ব্যাপার। প্রতিটি মৌসুমেই এমন দু-একটা ঘটনা ঘটে থাকে। একসঙ্গে কাজ করতে গেলে ঠোকাঠুকি তো হতেই পারে। এটাকে খুব বড়ভাবে দেখে লাভ নেই।’

কোচের সঙ্গে মেসির দ্বন্দ্বের ব্যাপারটি জাভি ব্যাখ্যা করেছেন ঠিক এভাবে, ‘প্রতিটি মৌসুমেই আমরা জিততে চাই। অনেক সময় সবকিছু পরিকল্পনামতো হয় না। চাপের মুখে থেকে এমন কিছু হতেই পারে। মেসি কিংবা এনরিকেও হয়তো ঠিক ওই সময় মাথায় অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছিলেন।’ সূত্র: গোল ডট কম।